Home » চা বাগানের দুর্গারা বেআইনি বালি- পাথর উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনে

চা বাগানের দুর্গারা বেআইনি বালি- পাথর উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনে

সানী রায় ও পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,১০ জুন : “আমার দূর্গা ত্রিশূল ধরেছে, স্বর্গে এবং মর্ত্যে।আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে।আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে, আঁতুড় ঘরে।”মল্লিকা সেনগুপ্ত

অন্যায়ের বিরুদ্ধে বাড়ির দুর্গারাই পথ দেখান। মানুষের লোভ ও অন্যায়ের হাতে প্রকৃতি যখন ধ্বংস হচ্ছে আর সেই অন্যায়কে সয়ে নিচ্ছে যখন মানুষ, তখন  চা বাগানের দুর্গারা ত্রিশূল ধরলেন,  প্রতিবাদ আন্দোলনে নামলেন তাঁরা।দীর্ঘদিন ধরে ডুয়ার্সের নদীতে বেআইনি বালি- পাথর উত্তোলনের বিরুদ্ধে মাল ব্লকের মহিলারা প্রতিবাদের রাস্তায় নামলেন।মানাবাড়ি চা বাগানের মহিলা শ্রমিকরা চেল নদীতে অবৈধ খননের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

দীর্ঘদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে বেআইনিভাবে বালি ও পাথর তোলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন বিভিন্ন পরিবেশ সংগঠন। এবার সেই প্রতিবাদে সামিল হয়েছেন মাল ব্লকের মানাবাড়ি চা বাগানের মহিলা শ্রমিকরা।এদিন মানাবাড়ি বাগানের বাসিন্দারা মাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন যে, প্রতি নিয়ত চেল নদীতে অবৈধভাবে জেসিবি দিয়ে খনন করা হচ্ছে। নদীতে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে। এই গর্তে পড়ে গিয়ে যেকোনো সময় প্রাণহানির আশঙ্কা রয়েছে স্থানীয় গ্রামবাসীদের।

জলের স্তর দিন দিন নেমে যাচ্ছে, ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে বহু এলাকায়।চা বাগানের শ্রমিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,অবিলম্বে বেআইনি খনন বন্ধ করা হোক। নদীর ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হোক। পানীয় জলের সংকট সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হোক।

ডুয়ার্সের বিভিন্ন নদীতে বেআইনি বালি ও পাথর উত্তোলন একটি দীর্ঘদিনের সমস্যা।পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানের জন্য আন্দোলন করে আসছেন।প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে পরিবেশ ও নদীর অস্তিত্বই বিপন্ন হতে পারে। চা বাগানের দুর্গারা পথ দেখাচ্ছেন।

আরও পড়ুন জঙ্গলে জলসংকট, তৃষ্ণা মিটছে না বন্যপ্রাণীদের

About Post Author