সময় কলকাতা ডেস্ক, ১ জুনঃ অবশেষে ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে চলেছে বঙ্গবাসী। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ। শনিবার বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। একাধিক জেলায় রয়েছে কমলা সতর্কতাও। ইতিমধ্যেই কেরালাতে বর্ষা প্রবেশ করেছে। বঙ্গেও নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহবিদরা। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টি হলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে। মঙ্গলবার পর্যন্ত বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী সাত দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস বলছে, বঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা।শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। বৃষ্টিপাতের দরুন শনিবার শহর কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছে। শনিবার থেকে ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির পূর্বাভাস থাকায় আপাতত গরম কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। শনিবার দিনভর শহর কলকাতার আকাশ মেঘলাই থাকবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯- ৯২ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে, বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে বেলা যত বাড়বে অস্বস্তি বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে তিনটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।এদিকে, শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা-দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
#Weatherupdate
#Latestbengalinews
#Weatherreport


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!