সময় কলকাতা ডেস্ক, ১ জুনঃ দেশজুড়ে চলছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। এই দফায় পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসনে চলছে গণতন্ত্রের উৎসব। লোকসভা কেন্দ্রগুলি হল- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। সবকটি বুথই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে। সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। সকাল থেকেই দমদম, বালিগঞ্জ,বরানগর, মথুরাপুর ভাঙড়, সন্দেশখালি, বারাসত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। সেইসঙ্গে দফায় দফায় অশান্তি মথুরাপুরে। সেখানে ভোট বয়কটের ডাক স্থানীয়দের।
এদিন মথুরাপুরেও বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এলাকার বাসিন্দাদের। জানা গিয়েছে, কাশিনগর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। কিন্তু এলাকার এক কিলোমিটার রাস্তা আজও হয়নি। তাই ভোট বয়কটের ডাক দিয়েছেন অর্জুনতলার বাসিন্দারা। ঘটনাস্থলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। পরে ঘটনাস্থল থেকে চলে যান বিজেপি প্রার্থী।
বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন। সেখানেই তন্ময়কে চোর বলে তোপ দাগেন তৃণমূল কাউন্সিলর। মেজাজ হারিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি হয় বরানগরের বামপ্রার্থীর। কাউন্সিলরের সহযোগির বিরুদ্ধে ঘুষি মারার অভিযোগ তন্ময়ের। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন তন্ময় ভট্টাচার্য। তাঁকে বাধা দেওয়া হলে উত্তেজিত হয়ে পড়েন তিনি। যদিও সিপিএম প্রার্থীর পাল্টা দাবি, বাম এজেন্টকে ধমক দেওয়া হয়েছে সেই অভিযোগ পেয়েছেন তিনি। এরপর শুধু বুথ পরিদর্শনে গিয়েছিলেন, কোনও ভোটারের সঙ্গে কথাও বলেননি।
এদিকে, বালিগঞ্জে বুথের মধ্যে সায়রা শাহ হালিমের সামনেই সূর্যকান্ত মিশ্রর কন্যা রোশনারা মিশ্রকে হেনস্তার অভিযোগ। সায়রা হালিমের নির্বাচনী এজেন্ট রোশনারা। বিক্ষোভের মুখে বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য।
বসিরহাটের সন্দেশখালির খুলনার ১৭৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
এদিকে, ভোটদানে বাধা দেওয়ার খবর পেয়ে উত্তর কলকাতার কাশীপুরের বুথে যান বিজেপি প্রার্থী তাপস রায়। এরপরই তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী। তাপস রায়কে ঘিরে শুরু হয় বিক্ষোভ। ইতিমধ্যেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অন্যদিকে, টালিগঞ্জ বিধানসভার ১০০ নম্বর ওয়ার্ডের নাকতলা শিশু ভারতী স্কুলের বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, প্রথম বার ঢুকতে গেলে শাসানো হয় বলে অভিযোগ। দ্বিতীয়বার ঢুকতে গেলে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়।
#LokSabhaElection2024
#Latestbengalinews


More Stories
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
শাবকহারা উদ্বিগ্ন-উন্মত্ত মা গন্ডারের মৃত্যু ফালাকাটায়
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !