স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ জুনঃ বেলজিয়াম ছাড়া জয় দিয়েই ইউরো অভিযান শুরু করেছে সব বড় দলগুলি। সেই তালিকায় যোগ হল পর্তুগালের নাম। মঙ্গলবার লিপজিগের রেড বুল অ্যারেনায় চেকিয়ার বিরুদ্ধে জয় পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। খেলার ফল তাঁদের পক্ষে ২-১। যদিও এদিন বড় ব্যবধানে জয়ের কথা ছিল পর্তুগালের। একাধিক গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারল না তারা। সংযুক্তি সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন কনসেসাও।

চলতি ইউরো কাপের অন্যতম দাবিদার পর্তুগাল। প্রতিযোগিতা শুরুর আগে দাবি করেছিলেন কিংবদন্তী কোচ হোসে মরিনহো। তিনি আরও বলেছিলেন, পর্তুগালের দ্বিতীয় দলকে হারাতে অনেক দলকে বেগ পেতে হবে। আসলে এ বারের পর্তুগাল দলের গভীরতা অনেক বেশি। দলের প্রায় সব বিভাগে যোগ্য ফুটবলারের অভাব নেই। যারা যে কোনও সময় ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দলে যে রকম রোনাল্ডো বা পেপের মত বয়সে প্রবীণ তারকারা রয়েছেন। সেরকম ভিটিনহা, নুনো মেন্ডেজদের মত তরুণ তারকারা রয়েছেন। আবার ব্রুনো ফার্নান্ডেজ, বের্নাডো সিলভা, রাফায়েল লিয়াওয়ের মত মধ্যবয়সী তারকারা এই দলটির ভারসাম্য ধরে রাখার কাজটি করছেন। মঙ্গলবার চেকিয়ার বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখায় পর্তুগাল। খেলার ৮ মিনিটের মধ্যে সহজ সুযোগ পেয়ে গিয়েছিল রবার্তো মার্তিনেজের ছেলেরা। বক্সের মধ্যে থেকে রোনাল্ডোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বয়স চল্লিশ ছুঁইছুঁই হলেও এখনও গোলের খিদে যে তার ফুরাইনি বোঝা যাচ্ছিল। ৩২ মিনিটে আবার গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে অরক্ষিত অবস্থায় বল পেয়ে গিয়েছিলেন। কিন্তু বিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোলের খাতা খুলতে পারেননি। তাঁর নেওয়া বাঁ পায়ের শট বাঁচিয়ে দেন চেকিয়ার গোলরক্ষক স্টানেক। বিরতির ঠিক আগেও রোনাল্ডোর নেওয়া শট রুখে দেন তিনি।
আরও পড়ুনঃ UEFA Euro 2024 : ইউরোতে অঘটন, ফিফা ক্রমতালিকায় অনেকটা পিছিয়ে থাকা স্লোভাকিয়ার বিরুদ্ধে হারল বেলজিয়াম
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে পর্তুগিজরা। রাফায়েল লিয়াওয়ের বেশিক্ষণ পায়ে বল রাখার খেসারত দিতে হয় তাদের। বারবার আক্রমণ হলেও তাই গোলের খাতা খুলছিল না। ৫৮ মিনিটে রোনাল্ডোর ফ্রি-কিক বাঁচিয়ে দেন স্টানিক। ৬২ মিনিটে খেলার গতির বিপরীতে এগিয়ে যায় চেকিয়া। লুকাস প্রভোদের নির্ভুল শট পরাস্ত করে পর্তুগিজ গোলরক্ষককে। লিয়াওকে তুলে নুনো মেন্ডেজকে নামিয়ে এরপর মাস্টার্স্ট্রোক দেন মার্টিনেজ। বাঁ-দিক থেকে আরও বেশি আক্রমণ তৈরি হচ্ছিল। ৬৯ মিনিটে বক্সের মধ্যে থেকে নেওয়া মেন্ডেজের শট বাঁচিয়ে দেন স্টানিক। কিন্তু ফিরতি বল চেকিয়ার এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। খেলায় সমতা ফেরায় পর্তুগাল। তারপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন রোনাল্ডোরা। রক্ষণে লোক বাড়িয়ে কোনওরকমে নিজেদের দূর্গ অক্ষত রেখেছিল চেকিয়া। কয়েকটি ভাল সেভ করেন তাদের গোলরক্ষক। ৮৮ মিনিটে রোনাল্ডোর শট পোস্টে লেগে ফিরলে সেই বল জালে জড়ান দিয়েগো জোটা। কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল হয়। নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফল ছিল ১-১। যখন মনে হচ্ছিল ম্যাচ অমীমাংসীত শেষ হবে। তখন রক্ষণে সামান্য গড়িমসির খেসারত দিতে হয় চেকিয়াকে। নেটোর ক্রস আটকাতে গিয়ে মারাত্মক ভুল করেন এক ডিফেন্ডার। সেই বল পেয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন পরিবর্ত হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেনসাও।


More Stories
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের