সময় কলকাতা ডেস্ক, ২ জুলাইঃ চোপড়ায় তরুণ-তরুণীকে মাটিয়ে ফেলে পেটানোর ঘটনা নিয়ে সারা রাজ্য তোলপাড়। এমনকী এই ঘটনার জেরে সরব হয়েছেন জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা। এই ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। তবে, মঙ্গলবার ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। উত্তরবঙ্গ গেলেও চোপড়া সফর বাতিল করলেন তিনি। এদিকে নির্যাতিতদের সঙ্গে শিলিগুড়ি সার্কিট হাউসে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তাতে রাজি নিন নির্যাতিত ও তাঁদের পরিবার। তাঁদের দাবি, আগে অভিযুক্তদের শাস্তি দিতে হবে। ওই ঘটনার ভিডিও কে বা কারা ভাইরাল করল, তাঁদেরও শাস্তির দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন ধস ও লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গে, বন্ধ দার্জিলিং-কালিম্পং সড়ক
এদিন চোপড়াকাণ্ডে ফের সরব রাজ্যের সাংবিধানিক প্রধান। শিলিগুড়ির সার্কিট হাউসে বসে তিনি বলেন, ‘ সরকার সমর্থিত হিংসা চলছে রাজ্যে, এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের। যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না, সেই সমাজ সভ্যসমাজ বলে গণ্য হয় না।’ ইতিমধ্যেই চোপড়ার ঘটনা নিয়ে নড়ে বসেছে রাজ্য প্রশাসনও। শোকজ করা হয়েছে আইসি-কে। অভিযুক্ত তৃণমূল নেতা, বিধায়ক-ঘনিষ্ঠ তাজমুল ওরফে জেসিবিকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে আগেই। এদিকে চোপড়া কাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশন মুখ্য সচিব ও পুলিশ প্রধানের কাছে রিপোর্ট তলব করেছে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিনিধি দলও পাঠাতে পারে কমিশন। রবিবারই প্রকাশ্যে এসেছে চোপড়ার ‘নীতি পুলিশি’র ভিডিও।
তাতে দেখা যায়, এক তরুণ এবং এক তরুণীকে রাস্তায় ফেলে একছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন এক ব্যক্তি। মার খেতে খেতে বিশ্রস্ত অবস্থায় প্রায় গুটিয়ে যাওয়া তরুণীকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আবার চলছে মার। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা বিবাহিত। তবে তিনি এক ব্যক্তির সঙ্গে ঘর ছাড়েন। পরে ফিরে এলে তাঁদের কাছে ১০ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। এ-ও বলা হয়, টাকা না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না। তার পরও সেই টাকা না দেওয়ায় রাস্তায় ফেলে মারধর করা হয় তাঁদের। পরে জানা যায়, ভিডিয়োয় যিনি তাঁদের মারছিলেন, তাঁর নাম তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। তিনি তৃণমূল নেতা। তবে এলাকায় পরিচিত চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?