Home » Sri Lanka Premier League Final 2024 : লঙ্কা প্রিমিয়ার লিগে ‘রুশো’ বিপ্লব খেতাব জিতল জাফনা কিংস

Sri Lanka Premier League Final 2024 : লঙ্কা প্রিমিয়ার লিগে ‘রুশো’ বিপ্লব খেতাব জিতল জাফনা কিংস

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুলাইঃ আইপিএলের ধাঁচে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হয়েছে অনেক দেশে। ২০২০ সাল থেকে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতেও এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এবার ছিল চতুর্থ বছর। রবিবার ফাইনালে গল মার্ভেলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হল জাফনা কিংস। ফাইনালে ব্যাটে ঝড় তুললেন কুশল মেন্ডিস ও রাইলি রুশো। ২৬ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নিলেন তারা। এই নিয়ে রেকর্ড চতুর্থবার এই খেতাব জিতল জাফনা কিংস।

ফাইনালে ১৮৫ রান তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খায় জাফনা কিংস। প্রথম বলেই ডোয়েন প্রিটোরিয়াসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন পাথুম নিশঙ্কা। কিন্তু সেই ধাক্কা দ্রুত সামাল দেয় কিংস অফ নর্থরা। সৌজন্যে কুশল মেন্ডিস ও রাইলি রুশো। দুজনেই বিধ্বংসী ব্যাটিং করলেন। গলের বোলিং বিভাগকে ক্লাব স্তরে নামিয়ে আনেন তাঁরা। মহিশা তিকসানা, ইসুরু উদানাদের দিশেহারা মনে হচ্ছিল এই দুই ব্যাটারের সামনে। ৪০ বলে ৭২ রান করে অপরাজিত রইলেন মেন্ডিস। মারলেন ৮ টি চার ও ২ টি ছয়। ৫০ বলে নিজের শতরান পূর্ণ করেন রুশোও। তাঁর ইনিংস সাজানো ছিল ৯ টি চার ও ৭ টি ছয়ে। প্রোটিয়া ব্যাটার ৫৩ বলে ১০৬ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ১৫.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জাফনা।

আরও পড়ুনঃ Bhaichung Bhutia : মার্কুয়েজকে কোচ বাছতেই অসন্তোষ, টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন ভাইচুং

আরও পড়ুনঃ Optical Illusion: ব্যোমকেশ বা ফেলুদার মত পর্যবেক্ষণ শক্তি আপনারও, তা হলে ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

টসে জিতে গলকে প্রথমে ব্যাট করতে পাঠান জাফনা অধিনায়ক চরিথ অশলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে গল। দুই ওপেনার রান না পেলেও বড় রান করতে সমস্যা হয়নি তাদের। তিন নম্বরে নেমে ৩৭ বলে ৪৭ রান করেন টিম সেইফার্ট। ২ টি চার ও ৪ টি ছয় মারেন। তিনি ছাড়াও পাঁচ নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং করেন ভানুকা রাজাপক্ষ। ৩৪ বলে ৮২ রান করেন তিনি। ৮ টি চার ও ৬ টি ছয়ে নিজের ইনিংস সাজান ভানুকা। এই দুইজন ছাড়া সেইভাবে রান পাননি আর কোনও ব্যাটার। বরং অনেকগুলি করে বল নষ্ট করেন।  তারই খেসারত দিতে হল গল মার্ভেলসকে।

About Post Author