স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ জুলাই: জয় দিয়ে ডুরান্ড সফর শুরু করল মোহনবাগান। শনিবার প্রথম ম্যাচে কাশ্মীরের ডাউনটাউন হিরোজকে হারিয়ে দিল তারা। গতবারের চ্যাম্পিয়নদের পক্ষে ম্যাচের ফল ১-০। দলের হয়ে জয়সূচক গোলটি করেন সুহেল ভাট। এই ম্যাচে অভিষেক হল বাগানের নতুন বিদেশী ডিফেন্ডার অ্যালফ্রেডের।

মোহনবাগান বনাম ডাউনটাউন ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল এবারের ডুরান্ড কাপ। কলকাতা লিগের দলে কয়েকটি পরিবর্তন করে প্রথম ম্যাচে দল নামিয়েছিলেন দলের দায়িত্বপ্রাপ্ত কোচ বাস্তব রায়। মোলিনা না আসায় তিনিই দলের দায়িত্বে রয়েছেন। দলে অভিজ্ঞ মুখ বলতে ছিলেন গ্ল্যান মার্টিন্স ও আশীষ রাই। এছাড়া দলের সঙ্গে সদ্য যোগ দেওয়া ইংরেজ ফুটবলার টম অ্যালড্রেডকে প্রথম একাদশে রেখেছিলেন বাস্তব। রিজার্ভ বেঞ্চে ছিলেন মাত্র চারজন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য নাম ধীরাজ সিং। মোহনবাগানের সব ফুটবলার দলের সঙ্গে এখনও যোগ দেয়নি। আসেননি বিদেশী কোচেরাও। ইস্টবেঙ্গল যখন পূর্ণ শক্তির দল নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে বেশ কিছুদিন আগে, তখন আগামী ২৯ জুলাই অনুশীলন শুরু করবে মোহনবাগান। আত্মতুষ্টি নাকি পরিকল্পনার অভাব সেটা যদিও সময় বলবে। কারণ ছুটির পর ফিরে সব ফুটবলারদের খেলার অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন: Paris Olympics 2024 : প্যারিস অলিম্পিক্সে প্রথম সোনা পেল চিন, ব্যর্থ ভারতীয় শ্যুটারেরা
ডুরান্ড কাপে তাই রিজার্ভ দলের ফুটবলারদের ভরসায় মাঠে নামতে হয়েছিল গত বারের চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ডাউন টাউন হিরোজ। যারা গতবার ডুরান্ড কাপে তিন ম্যাচের তিনটিতেই হেরেছিল। সেই দলের বিরুদ্ধে জিততে রীতিমত কালঘাম ছুটে গেল মোহনবাগানের। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। ফ্রিকিক থেকে সুহেলের শট পোস্টে লেগে না ফিরলে এগিয়ে যেতে পারত মোহনবাগান। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁজ বাড়ায় ম্যারিনাররা। ৭৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুহেল ভাট। নিজের রাজ্যের দলের বিরুদ্ধে গোল করেন তিনি। আশীষের বাড়ানো বল থেকে গোল করেন সুহেল। শেষের দিকে মোহনবাগান গোলরক্ষক চোট পেলে মাঠে নামেন ধীরাজ সিং। কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল শোধ করতে পারেনি ডাউনটাউন। ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান। কিন্তু যেভাবে দুর্বল দলের বিরুদ্ধে জিততে হল, তা কোচদের চিন্তা বাড়াবে ছাড়া কমাবে না।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার