সময় কলকাতা ডেস্ক,৫ আগস্ট: অবশেষে দলের সিদ্ধান্ত মেনে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। হোয়াটসঅ্যাপে মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলেই জানা গিয়েছে। তবে, কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও বর্তমানে অখিল গিরি রামনগরের বিধায়ক।
আরও পড়ুন মধ্যযুগীয় বর্বরতা : সহবাস ও বিয়ের চাপ, প্রেমিকের বিষপান, দড়ি দিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে মারধর
সূত্রের খবর, সোমবার বিধানসভায় অখিল গিরি বলেন, ‘ দলের নির্দেশ মত মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা দিয়েছি। আমি বিধানসভার সদস্য। তাই যাচ্ছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও কথা বলব না। আমাকে ইস্তফা দিতে বলা হয়েছে। তাই দিয়েছি। আমি গরিব মানুষের জন্য লড়াই করেছি। বনদপ্তরের আধিকারিকের সঙ্গে যা করেছি মানুষের জন্য করেছি। আমার কাজের জন্য অনুতপ্ত নই। মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইব। কোনও আধিকারিকের কাছে নয়।’
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র তাজপুরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু দোকান জলোচ্ছ্বাসের ফলে ভেঙে যায়। জানা গিয়েছে, এরপরই বনদফতরের জায়গায় অস্থায়ীভাবে বাঁশ দিয়ে দোকান তৈরি করে এলাকাবাসী। দুদিন আগে সেই অস্থায়ী দোকানগুলি বনদফতর ভেঙে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। স্থানীয় বিধায়ক তথা কারা মন্ত্রী অখিল গিরি পরের দিন ছুটে যান এলাকায়। সেই সময়ই উত্তেজিত হয়ে কারা মন্ত্রী অখিল গিরি হুমকি দিয়ে বসেন মহিলা রেঞ্জ অফিসারকে। পাশাপাশি তাঁকে গালিগালাজ এবং ডাং দিয়ে পিটানোরও নিদান দেন। ঘটনার ভিডিও প্রচার হতেই অখিল গিরি খবরের শিরোনামে উঠে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকেই এলাকাবাসী জড়ো হয় এবং তাদের দাবি মন্ত্রী অখিল গিরির কোন দোষ নেই, ওনাকে উত্তপ্ত এবং রাগিয়ে দিয়েছেন রেঞ্জ অফিসার। রবিবার সকাল থেকেই পরিস্থিতির উপরে নজর রাখে বনদফতর। যাতে করে কোনভাবেই অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?