স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ অগস্ট: দলবদলের বাজারে ঝড় তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বায়ার্ন মিউনিখের দুই ডিফেন্ডারকে দলে নিল তারা। তাঁদের মধ্যে একজন ম্যাথিয়াস ডি লিট ও অন্যজন নুসাইর মাজারাউয়ি। ৭০ মিলিয়ন ইউরোর পরিবর্তে দুজনকে সই করানো হয়েছে। সোমবার জার্মানি থেকে ইংল্যান্ডে পৌঁছয় দুজনে। তারপর ক্যারিংটন, যেখানে ইউনাইটেড ফুটবলাররা অনুশীলন করেন সেখানে তাঁদের শারীরিক পরীক্ষা করা হয়। মঙ্গলবার এই দুই ফুটবলারের নাম সরকারিভাবে ঘোষণা করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

গত মরশুমের মাঝামাঝি সময় মালিকানায় রদবদল হয় ম্যানচেস্টারের ক্লাবে। এবার দলবদলের বাজারে যে ক্লাবটি সক্রিয়তা দেখাবে, সেই আভাস মিলেছিল। সেই মত কাজও শুরু করে দিল তারা। ইতিমধ্যে দলের অপ্রয়োজনীয় ফুটবলারদের ছেঁটে ফেলা হয়েছে। একাধিক ফুটবলার ক্লাব ছেড়েছেন। তাঁদের পরিবর্ত হিসেবে যোগ দিয়েছেন অনেকে। সেই তালিকায় রয়েছে ফরাসি ডিফেন্ডার লেনি ইয়োরো ও ডাচ ফরোয়ার্ড হোসুয়া জির্কজি। তারপর দুজন ডিফেন্ডারের সন্ধানে ছিল রেড ডেভিলরা। কারণ গত মরশুমে রক্ষণভাগ ভুগিয়েছে দলকে। ৫৮ টি গোল হজম করতে হয়েছে। রক্ষণ মজবুত করার জন্যই দুই ডিফেন্ডারকে নেওয়া হল। প্রথম জন অর্থাৎ ডি লিট সেন্টার ব্যাক আর দ্বিতীয় জন মাজারাউয়ি খেলেন রাইট ব্যাক পজিশনে।
প্রসঙ্গত, নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের কোচ থাকার সময় এই দুইজনই বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের প্রশিক্ষণে খেলেছেন। অতীতেও দেখা গিয়েছে ফুটবলার নিয়োগ করার ক্ষেত্রে নিজের প্রাক্তন ছাএদের প্রাধান্য দিয়েছেন ডাচ কোচ। এবারও তার অন্যথা হল না। ২৫ বছরের ডি লিট ও ২৬ বছরের মাজারাউয়ি দলের সামঞ্জস্যতা ও শক্তি আরও বৃদ্ধি করবে বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া