Home » Anwar Ali: ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় আনোয়ার, বিমানবন্দরে লালহলুদ জনতার ঢল

Anwar Ali: ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় আনোয়ার, বিমানবন্দরে লালহলুদ জনতার ঢল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ অগস্ট: দীর্ঘ টালবাহানার শেষে অবশেষে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে শহরে এলেন আনোয়ার আলি। রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামেন জাতীয় দলের ডিফেন্ডার। এখনও সরকারিভাবে কিছু ঘোষিত না হলেও আনোয়ারের লাল হলুদ জার্সি গায়ে চাপানো স্রেফ সময়ের অপেক্ষা।

আসন্ন মরশুমে কোন দলের হয়ে খেলবেন আনোয়ার? এই নিয়ে দড়ি টানাটানি কম হয়নি। সত্তরের দশকের কায়দায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছিনিয়ে নিতে ঘুঁটি সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। আর তাতেই বাজিমাৎ হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে ইস্টবেঙ্গলের হয়েই খেলতে দেখা যাবে আনোয়ারকে। শনিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন তিনি। রবিবার রাতে মেন্টর রঞ্জিত বাজাজের সঙ্গে তিনি পৌঁছে যান কলকাতায়। তাঁকে বরণ করার সময় সেই সময় বিমানবন্দর চত্বরে হাজির হয়েছিলেন বহু সমর্থক। দেখা যায় ইস্টবেঙ্গল কর্তাদেরও। লাল-হলুদ উত্তরীয় পরিয়ে ফুটবলারকে বরণ করা হয়। নিরাপত্তার কারণে বিশেষ ব্যবস্থায় আনোয়ারকে বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: Paris Olympics 2024: আমেরিকা শীর্ষে,ভারত শেষ করল ৭১ তম স্থানে

সম্ভবত, আগামী ২২ অগস্ট আনোয়ারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ফেডারেশন। গত শনিবার মোহনবাগান, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। কিন্তু রবিবার রাত পর্যন্তও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। জানা গিয়েছে, ফেডারেশনের তরফে এনওসি পেয়ে গিয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার। ফলে ভারতের যে কোনও ক্লাবে খেলতে তাঁর আর কোনও বাধা নেই।

আরও পড়ুন: নীরজকে হারিয়ে আরশাদ নাদিমের সোনা জয় কি ফ্লুক? জ্যাভেলিনে বিশ্ব রেকর্ড কার জেনে নিন

প্রসঙ্গত, চার বছরের লোনে এফসি গোয়া থেকে মোহনবাগানে সই করেন আনোয়ার। কিন্তু আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের শর্ত অনুযায়ী এক বছরের বেশি কোনও ফুটবলারকে লোনে রাখা যায়না। যদিও ভারতীয় ফুটবলে সেই নিয়ম এখনও বলবৎ হয়নি। সেই সুযোগকে কাজে লাগিয়ে আনোয়ারকে নিজেদের দলে পেতে ঝাঁপায় ইস্টবেঙ্গল। তিনি মোহনবাগানে স্থায়ী চুক্তি করতে চাইলেও ক্লাব রাজি হয়নি। চুক্তি ভাঙা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে বলে জানায় ফেডারেশন। সব মিলিয়ে আনোয়ার কার ফুটবলার, সেই নিয়ে জলঘোলা চলছিল। অবশেষে জট কাটিয়ে দ্রুত ইস্টবেঙ্গলে তিনি খেলবেন বলে মনে করা হচ্ছে।

About Post Author