সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্টঃ মহিলা রেঞ্জ অফিসারকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি। এরপর রাজ্যের মন্ত্রীর পদ থেকে তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় নবান্ন। দলের সিদ্ধান্ত মেনে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন অখিল গিরি। এরপর থেকেই পদটি ফাঁকা পড়েছিল। অবশেষে রাজ্যের নতুন কারা মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা। তিনি ক্ষুদ্র- কুটির এবং বস্ত্র শিল্প দফতরের দায়িত্বে রয়েছেন। এবার যোগ হল কারা দফতর।
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র তাজপুরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু দোকান জলোচ্ছ্বাসের ফলে ভেঙে যায়। জানা গিয়েছে, এরপরই বনদফতরের জায়গায় অস্থায়ীভাবে বাঁশ দিয়ে দোকান তৈরি করে এলাকাবাসী। দুদিন আগে সেই অস্থায়ী দোকানগুলি বনদফতর ভেঙে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। স্থানীয় বিধায়ক তথা কারা মন্ত্রী অখিল গিরি পরের দিন ছুটে যান এলাকায়।
সেই সময়ই উত্তেজিত হয়ে কারা মন্ত্রী অখিল গিরি হুমকি দিয়ে বসেন মহিলা রেঞ্জ অফিসারকে। বলেন,‘ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। ডাং দিয়ে পিটাব, তখন বুঝবেন।‘ পাশাপাশি তাঁকে গালিগালাজ করেন। ঘটনার ভিডিও প্রচার হতেই অখিল গিরি খবরের শিরোনামে উঠে আসেন। ঘটনার পর থেকেই বিরোধী থেকে শুরু করে দলেরই একাংশ সরব হন অখিলের বিরুদ্ধে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন অখিলকে ইস্তফা দিতে। সেই নির্দেশ মেনেই ইস্তফা দেন অখিল।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?