সময় কলকাতা ডেস্ক, ১৯ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বও। এদিকে, মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য বারবার কলকাতা পুলিশের তরফে সতর্ক করা হচ্ছে। কিন্তু, তারপরেও আরজিকর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে সোমবার শহরের দুই বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে সোমবার তলব করল লালবাজার। যদিও তাঁদের তলব করার জন্য এদিন মেডিক্যাল কলেজ থেকে লালবাজার পর্যন্ত এই দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে মিছিলের ডাক দিয়েছেন তাঁর সহকর্মীরা। জানা গিয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই দুই চিকিৎসক লালবাজার থেকে বের হচ্ছেন, ততক্ষণ লালবাজারের বাইরে থাকবেন তাঁরা। এ প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ‘ আমাদের নামে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। আমরা কোথাও নিহতের নাম পরিচয় প্রকাশ্যেও আনিনি। কোনও ভুল খবর ছড়াইনি। তথ্য প্রমাণ ছাড়া কোনও কথা বলিনি।’
আরও পড়ুন আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজপথেই ওপিডি পরিষেবা শুরু করতে চলেছেন দিল্লি AIIMS-এর চিকিৎসকরা
অন্যদিকে, আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে পরপর দুবার লালবাজারের তরফে তলব করা হয়েছে সুখেন্দু শেখরকে। লালবাজারের জোড়া তলবের পর এবার গ্রেফতারির আশঙ্কায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। সোমবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে রক্ষাকবচ চেয়ে আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। তিলোত্তমার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে গত ১৪ আগস্ট, স্বাধীনতার প্রাক-রাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এরপর শনিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। এক্স হ্যান্ডেলে সুখেন্দুশেখর রায় প্রশ্ন তোলেন, দেহ উদ্ধা রের পর কেন আত্মহত্যা বলা হয়েছিল আরজিকরের ঘটনাকে?
দ্বিতীয়ত, ঘটনার তিন দিন পর কেন স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়েছিল? কলকাতা পুলিশের দাবি, স্নিফার ডগ নিয়ে করা সাংসদের মন্তব্য সম্পূর্ণ ভুল। এরপরই লালবাজারের তরফে নোটিস দেওয়া হয় সুখেন্দুকে। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে পরপর দুবার তলব করা হয়েছে সুখেন্দু শেখরকে। রবিবার বিকেল ৪টের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তিনি হাজিরা এড়িয়ে যান। পরে সোমবার তাঁকে ফের তলব করা হয়। তবে এদিনও শারীরিক অসুস্থতার কারণে লালবাজারে যাবেন না বলে চিঠি মারফত জানিয়েছেন সুখেন্দু। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ চিঠির সঙ্গে এসএসকেএম আর এইমস-এর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও পাঠিয়েছেন লালবাজারকে। উল্লেখ করেছেন ফুসফুস সংক্রান্ত চিকিৎসা চলছে তাঁর। আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
#RGKarHospitalDoctorDeath
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhoshresigned
#RGkarPrincipalSandeepGhosh
#Latestbengalinews
#kunal sarkar
#subarna goswami


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !