Home » Jay Shah: আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন ভারতের জয় শাহ

Jay Shah: আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন ভারতের জয় শাহ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ অগস্ট: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিসিসিআইয়ের সচিব। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২৭ অগস্ট মঙ্গলবার। সেদিনের মধ্যে জয় ছাড়া আর কেউ মনোনয়ন দেননি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে জয় শাহ-র নাম ঘোষণা করা হয়েছে। এবার থেকে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে আইসিসির নতুন দায়িত্বে জয় শাহ। মাত্র ৩৫ বছর বয়সে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।

আরও পড়ুন  Mohun Bagan: টাইব্রেকারে জোড়া সেভ বিশালের, পিছিয়ে পড়েও জিতে ডুরান্ডের ফাইনালে মোহনবাগান

এর আগে বিসিসিআই থেকে মোট চার জন আইসিসির চেয়ারম্যান হয়েছেন। তাঁরা হলেন জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর। ভারত থেকে পঞ্চম চেয়ারম্যান হয়ে নতুন নজির সৃষ্টি করলেন জয় শাহ। চলতি বছররের ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি।

জয় শাহ যে আইসিসির চেয়ারম্যান হতে পারেন, সেই জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। গত নভেম্বর মাসে এই পদে মেয়াদ শেষ হয় গ্রেগ বার্কলের। দ্বিতীয়বারের জন্য এই পদে থাকার পর তিনি আর দায়িত্ব নিতে চাননি। তখনই উঠে আসে জয় শাহের নাম। অবশেষে সেই জল্পনায় সরকারি সিলমোহর পড়ল। আগামী ছয় বছরের জন্য নতুন দায়িত্বে থাকবেন জয় শাহ।

নতুন দায়িত্ব পেয়ে আনন্দিত শাহ। তিনি জানিয়েছেন, “আইসিসির চেয়ারম্যান হতে পারায় আমি খুব খুশি। আমার ও আমাদের লক্ষ্য হবে বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতি। ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটা ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে রোজ নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।”

দ্বিতীয় বারের জন্য বিসিসিআইয়ের সচিব হয়েছিলেন শাহ। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তাঁর এই পদের কার্যকাল শেষ হবে। তারপর তাঁকে তিন বছরের কুলিং অফ পিরিয়ডে যেতে হত লোধা কমিটির সুপারিশ মেনে। কিন্তু আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। তিন বছর করে দু’বার, অর্থাৎ মোট ছ’বছর আইসিসির চেয়ারম্যান পদে থাকতে পারবেন শাহ। তিনি চাইলে আবারও তিন বছর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনে ফিরতে পারেন।

#JayShah 

#BCCISecretaryJaiShah  

#NewchairmanofICC 

About Post Author