সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৬ সেপ্টেম্বর: মেসিকে ছাড়াই বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মসৃণ জয় পেল আর্জেন্টিনা। চিলির বিরুদ্ধে কোপা জয়ীরা জিতল ৩-০ গোলে। এই ম্যাচেই শেষ বারের মত দলের সঙ্গে দেখা গেল ২০২২ বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল দি মারিয়াকে।

আরও পড়ুন Kapil Parmar: পারমারের হাত ধরে প্যারালিম্পিক্সে ২৫ তম পদক ভারতের
শুক্রবার ঘরের মাঠে চিলির বিরুদ্ধে নামে কোপা জয়ী আর্জেন্টিনা। খেলার প্রথমার্ধে দুই দলের কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। আটচল্লিশ মিনিটে হুলিয়ান আলভারেজের বাড়ানো পাস থেকে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর ৮৪ মিনিটে নিজেই গোল করে ব্যবধান বাড়িয়ে দেন আলভারেজ। লো সেলসোর পাসে নিপুণ দক্ষতায় বল বিপক্ষের জালে জড়িয়ে দিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের চব্বিশ বছরের এই তারকা। আটাত্তর মিনিটে স্কালোনি বদলি হিসাবে মাঠে নামান আলেহান্দ্রো গারনাচো, দিবালা ও মার্কোস আকুনাকে।

মেসির অনুপস্থিতিতে বহুদিন পর দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করলেন দিবালা। ১০ নম্বর জার্সিতে খেলতে নেমে চিলির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তিনি। ম্যাচের সংযুক্ত সময়ের প্রথম মিনিটেই গার্নাচোর বাড়ানো পাস থেকে দিবালার গোলে ব্যবধান ৩-০ করে আর্জেন্টিনা।
আগামী বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা গ্রুপের বাছাই পর্বের খেলা চলছে। চিলির বিরুদ্ধে জয়ের পর এখন তালিকার শীর্ষে গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে তাঁদের পয়েন্ট ১৮। পরবর্তী ম্যাচে বিপক্ষ কলম্বিয়া। সেখানেও সম্ভবত দল পাবে না অধিনায়ক মেসিকে। কোপার ফাইনাল খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন দি মারিয়া। এদিনের ম্যাচে তাঁকে বিদায়ী সম্বর্ধনা দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচের শেষে দি মারিয়াকে কাঁধে তুলে জয় উদযাপন করতে দেখা যায় আর্জেন্টিনার ফুটবলারদের।
#CopaAmerica
#WorldCupwinningstar
#AngelDiMaria
#AlexisMcAllister
#Atlético Madrid


More Stories
শিল্ডে ইস্টবেঙ্গলের কষ্টার্জিত জয়
হাড্ডাহাড্ডি লড়াই করে ব্রাজিলের কাছে হারল ভারত
জাপানকে হারাতে ল্যাজেগোবরে শ্রেয়সরা, জয় ২ রানে