Home » আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব CBI-এর

আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব CBI-এর

সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বর: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নামছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। তিলোত্তমার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে গত ১৪ আগস্ট, স্বাধীনতার প্রাক-রাতে আন্দোলনে পথে নামেন মেয়েরা। এদিন রাতেই মেয়েদের ‘রাত দখলের’ কর্মসূচিকে ঘিরে তুলকালাম কাণ্ড আরজিকর মেডিক্যাল কলেজে। এদিন রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই গোটা হাসপাতাল জুড়ে কার্যত তাণ্ডব চালায় বহিরাগতরা। আরজিকর হাসপাতালে পুলিশি ব্যারিকেড ভাঙে কয়েক হাজার দুষ্কৃতী। কোটি টাকা সরকারি সম্পত্তি নষ্ট হয় হাসপাতালে। আক্রান্ত হন পুলিশ কর্মীরা। এবার সেই ঘটনার তদন্তে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। জানা গিয়েছে, আরজিকর হাসপাতালে গত ১৪ আগস্ট ভাঙচুরের ঘটনার সময় বিক্ষোভকারীদের মধ্যে ডিওয়াইএফআইয়ের পতাকা দেখা গিয়েছিল। সেসময় বিষয়টি নিয়ে মীনাক্ষীকে তলব করেছিল কলকাতা পুলিশও। এবার সেই ভাঙচুরের ঘটনায় মীনাক্ষীর বয়ান রেকর্ডের জন্য তাঁকে তলব করেছে সিবিআই। 

আরও পড়ুন        আর ডাক্তারি করতে পারবেন না সন্দীপ ঘোষ, কী জানাচ্ছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল?

উল্লেখ্য, গত ১৪ আগস্ট, স্বাধীনতার প্রাক-রাতে ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেন মহিলারা। তবে শান্তিপূর্ণ সেই আন্দোলনের মধ্যেই আরজিকর হাসপাতালের উন্ড ফ্লোর থেকে শুরু করে দ্বিতীয় তল, এমার্জেন্সি ওয়ার্ড, নার্সিং স্টেশন পর্যন্ত ভাঙচুর চালায় হামলাকারীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। আহত হন একাধিক পুলিশ কর্মী। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন ডিসি নর্থ। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। নামানো হয় ব়্যাফও। তবে জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি, পুলিশ নিজেদের বাঁচাতেই হাসপাতালের ভিতরে কোথাও কোথাও লুকিয়ে পড়ে। সেসময় দুষ্কৃতীরা ভিতরে ঢুকে গিয়ে রোগীর পরিবারদের, মহিলা কর্মীদেরও মারধর করে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আরজিকরের জুনিয়র চিকিৎসকরা। যদিও এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সমাজমাধ্যমে ছবি দেওয়ায় অপরাধীদের চিহ্নিতকরণে নাগরিকদের থেকে অনেকটাই সহায়তা মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

#DYFIStateSecretaryMeenakshiMukhopadhyay #CBI #RGKarHospitalVandalized  #RGkarHospital #RGKARDoctorDeath #Latestbengalinews 

About Post Author