সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বর: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের একাধিক অঞ্চল। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ষার তাণ্ডবলীলায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। জলমগ্ন দুর্গাপুর, আসানসোল, বীরভূম , হাওড়া, হুগলি, আরামবাগ, পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন এলাকা। ডিভিসির মূল দুটি জলাধার মাইথন ও পাঞ্চেত বাঁধের উপর জলের চাপ ক্রমশ বেড়েছে। জলের চাপ বাড়ার কারণে প্রায় রোজই জল ছাড়ছে ডিভিসি। ডিভিসির ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গ। এবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৪ পাতার চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি অপরিকল্পিতভাবে একতরফা জল ছেড়েছে বলে অভিযোগ করলেন তিনি।
আরও পড়ুন আরও ভয়াবহ রাজ্যের বন্যা পরিস্থিতি, খানাকুলে জলের তোড়ে ভেসে গেল দোতলা বাড়ি, প্লাবিত শতাধিক গ্রাম
তাঁর অভিযোগ, জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ডিভিসি আলোচনা করেনি। দুই জলাধার জলপূর্ণ হয়ে যাওয়ার অনেক আগেই জল ছাড়া শুরু হয়েছে। যদিও কেন্দ্রের জল শক্তি মন্ত্রক ইতিমধ্যে জানিয়েছে, রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। বুধবারই বন্যা বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটা ম্যান মেড বন্যা। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দিয়েছেন। যদিও প্রথম থেকেই এই পরিস্থিতির জন্য তিনি ডিভিসিকে দুষেছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি বার বার কথা বলেছেন বলে জানান। এবার প্রধানমন্ত্রীকেও চিঠি দিলেন।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে অপরিকল্পিত ভাবে পাঁচ লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে ডিভিসি। যার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে বর্তমানে ১০০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা বন্যা কবলিত। ৫০ লক্ষ মানুষ বিপর্যস্ত। ২০০৯ সালের পর এমন বন্যা আর কখনও হয়নি। এত জল ডিভিসি আগে কখনও ছাড়েনি। রাজ্য সরকার গোটা পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে। এরপরই মমতার সংযোজন, ‘ আমি নিজে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে এসেছি। বলতে বাধ্য হচ্ছি, এটা ‘ম্যান মেড’ বন্যা। ডিভিসি আরও পরিকল্পিত ভাবে বাঁধ এবং জলাধারগুলি নিয়ন্ত্রণ করলে এই বন্যা আটকানো যেত। ক্ষয়ক্ষতিও কমানো যেত।’ একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যেরও আবেদন জানান তিনি।
#DVCReleasesWater #MaithonandPanchetDam # Latestbengalinews #DVC #FloodSituationinBengal #PMNarendraModi


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?