Home » আগুন ছড়াচ্ছে পাঞ্জাব, কেরালার পরে ওড়িশা বিজয়

আগুন ছড়াচ্ছে পাঞ্জাব, কেরালার পরে ওড়িশা বিজয়

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২১ সেপ্টেম্বর: গত বছর ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হয়েছিল পাঞ্জাব এফসির। প্রথম মরশুমে অর্থাৎ ২০২৩-২৪ আইএসএল সেশনে অনেককে চমকে অষ্টম স্থান অধিকার করে নেয় ডিলেম্পেরিসের ছেলেরা। আগের মরশুমে তাঁরা তাঁদের শেষ খেলায় ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে পরাস্ত করেছিল। গত বছর যেখানে শেষ করেছিল এ বছর যেন সেখান থেকেই যাত্রা শুরু করেছে পাঞ্জাব। চলতি মরশুমে আই এস এলের গোড়া থেকেই আগুন ছড়াচ্ছে পাঞ্জাব। প্রথম ম্যাচে কেরালার মাটিতে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দেওয়া যে ফ্লুক ছিল না তা বোঝাতে শুক্রবার দিল্লির মাটিতে তারা হারিয়ে দিল তারকা-খচিত ওড়িশা এফসিকে। খেলার ফল পাঞ্জাবের অনুকূলে ২-১। বিদেশী দীর্ঘদেহী ডিফেন্ডার মূর্তদা ফলকে অসহায় মনে হয়েছে দুই ভারতীয় তরুণের সামনে।

আরও পড়ুন      ফুটবলের মাঠ ছেড়ে এবার হলিউডে পা মেসির, খুললেন প্রযোজনা সংস্থা

একজন রাইট উইঙ্গার অন্যজন রাইট মিডফিল্ডার। প্রথমজন নিহাল সুদেশ, দ্বিতীয়জন লিওন অগাস্টিন। দুজনেই গোল পেলেন, তারচেয়েও বড় কথা ডান প্রান্তিক খেলোয়াড়রা বারবার ডান বাঁ – দুদিক থেকেই অপারেট করলেন, প্রতিমুহূর্তে তাঁদের গতি ও স্কিলে কাঁপুনি ধরল ওড়িশা ডিফেন্সে। রেফারির বদান্যতায় নিশ্চিত পেনাল্টি না পেলেও দুই তরুণ জানিয়ে দিলেন তাঁদের দিকে নজর রাখতেই হবে।

শুক্রবার খুশ মেজাজে দেখাচ্ছিল পাঞ্জাব এফসির ফুটবলার দের। মাঠে যেন জিততেই নেমেছিল তাঁরা। পঞ্জাব কোচ পানাজিয়োতিস ডিলেম্পেরিস পরিচিত ছকে দল সাজিয়েছিলেন। খেলা শুরুর প্রথমার্ধেই ওড়িশার রক্ষণ ভেঙে বল নিয়ে এগিয়ে যায় পাঞ্জাব। ২৮ মিনিটে সুদেশের গোলে খেলায় এগিয়ে যায় পাঞ্জাব। ওড়িশাকে গোল শোধ করার কোনও সুযোগ না দিয়েই পাঞ্জাবের হয়ে ৮৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন অগাস্টিন। পরে রেফারির দেওয়া সংযুক্ত সময়ে ৯৬ মিনিটের মাথায় একটি গোল করলেও তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে ওড়িশার। লিগে পরপর দুই জয় পেয়ে ছয় পয়েন্টের সৌজন্যে বেঙ্গালুরু পর টেবিলে দ্বিতীয় স্থানে পাঞ্জাব। পাঞ্জাবের পরবর্তী ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলতে নেমে জয়ের রথ অব্যাহত রাখতেই নিজেদের সেরাটা নিংড়ে দেবে দল বিশ্বাস কোচ ডিলেম্পেরিসের ।

#ISL #PANJABFC #INDIANSUPERLEAGUE

About Post Author