স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ সেপ্টেম্বর: বাংলদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে বড় জয় পেয়েছেন রোহিত শর্মা অ্যান্ড কোং। পাকিস্তানকে চুরমার করে ভারত সফরে আসা বেঙ্গল টাইগারদের হারিয়ে কানপুরে নামবেন তাঁরা। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগে বিশাল মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি।
আরও পড়ুন Indian Super League: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী মোহনবাগান , নর্থ ইস্টকে হারিয়ে পূর্ণ ডুরান্ড কাপের বদলা
বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন। তারপর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি বিরাট কোহলিকে। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন না। বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন করেছেন। কিন্তু এখনও চেনা মেজাজে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়কে। প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৬ ও ১৭ রান। যা একেবারেই ‘বিরাটোচিত’ নয়। তাই কানপুর টেস্টের দিকে নজর রয়েছে তাঁর অনুগামীদের। চেন্নাই শিবিরে তাঁকে বাড়তি ঘাম ঝরাতেও দেখা গিয়েছে।
কানপুর টেস্টের আগে তিনি দাঁড়িয়ে রয়েছেন নতুন মাইলফলকের সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করতে আর মাত্র ৩৫ রান দরকার বিরাটের। কানপুরে এই রান করতে পারলেই দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন তিনি। পিছনে ফেলবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন রমেশ তেন্ডুলকারকে। সচিন ২৭ হাজার রানের ক্লাবে ঢুকতে নিয়েছিলেন ৬২৩ ইনিংস। সেখানে কোহলি কানপুর টেস্টের দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে তাঁর হবে ৫৯৫ ইনিংস। অর্থাৎ প্রায় ২৮ টি ইনিংস কম খেলেই তিনি ২৭ হাজার রানের মালিক হতে পারেন।

পাশাপাশি আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে ঢুকতে তাঁর প্রয়োজন আর মাত্র ১২৯ রান। কানপুরে দুই ইনিংসে সেই রান করতে পারলেই তৃতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়বেন কিং কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেছিলেন সুনীল গাভাস্কার। ১৯৮৫ সালে। ২০০৪ সালে সচিন দ্বিতীয় ভারতীয় হিসেবে এই মাইল ফলক ছুঁয়েছিলেন। ২০০৬ সালে রাহুল দ্রাবিড়। তারপর প্রায় ১৮ বছর পর কোনও ভারতীয় এই কৃতিত্বের সামনে দাঁড়িয়ে রয়েছেন।
#ViratKohli #KanpurTest #RohitSharma&Co


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই