স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ অক্টোবরঃ চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় লিভারপুলের। ঘরের মাটিতে বোলোনিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে আর্নে স্লটের শিষ্যরা। এই ম্যাচে গোল করে নয়া নজির গড়েছেন অল রেডস তারকা মোহাম্মদ সালাহ ।

অ্যানফিল্ডে বোলোনিয়ার বিরুদ্ধে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে লিভারপুল। প্রথম গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের সমর্থকদের। ১১ মিনিটের মাথায় সালাহর বাড়ানো পাস থেকে গোল করেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।পিছিয়ে পড়েও হাল ছাড়েনি সফরকারী দল। তারাও পাল্টা চাপ বাড়ায়। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। বিরতির সময় ১-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল।
ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে স্লটের শিষ্যদের চাপে রাখে বোলোনিয়া। ভিনসেঞ্জো ইতালিয়ানোর ছেলেরা গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত ফিনিশিংয়ে দুর্বলতার কারণে গোলের মুখ খুলতে পারেনি। ৭৫ মিনিটে দলের হয়ে স্বস্তির গোল করেন মহম্মদ সালাহ। দুরন্ত শটে দলের জয় নিশ্চিত করেন মিশরীয় তারকা। তাঁর গোলেই শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে লিভারপুল। বোলোনিয়ার বিরুদ্ধে গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি নতুন রেকর্ডও গড়েছেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকার ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোলের মালিক হলেন তিনি। ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৫ গোল করে ফেললেন তিনি। পিছনে ফেললেন আইভোরি কোস্টের কিংবদন্তী দিদিয়ের দ্রোগবাকে। শুধু সালাহ নন। এই ম্যাচে জিতে ইতিহাস গড়েছেন লিভারপুলের নতুন কোচ আর্নে স্লটও। লিভারপুলের কোচ হিসেবে প্রথম নয় ম্যাচের আটটিতে জয় পেয়েছেন তিনি। অতীতে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর যা করতে পারেননি বব পেইসলি, বিল শ্যাঙ্কলি থেকে জুরেগন ক্লপরা।
আরও পড়ুনঃ Lionel Messi: মেসি-সুয়ারেজ যুগলবন্দী, দ্বিতীয় শিরোপা জয় ইন্টার মিয়ামির
গত মরশুমের শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়েন ক্লাবের ইতিহাসে অন্যতম সফল কোচ ক্লপ। তারপর ৪৬ বছরের স্লটকে ভ্যান ডাইক, সালাহদের দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা ইতিমধ্যে প্রমাণ করতে শুরু করে দিয়েছেন স্লট। তাঁর অধীনে প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে মোট ন’বার মাঠে নেমেছে দল। প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে শুধু দেখেছে হারের মুখ। বাকি সব ম্যাচে দাপটের সঙ্গে জিতেছে স্লটের লিভারপুল। ছয় ম্যাচ শেষে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের মত দলকে হারিয়েছে। প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদের ঘরের মাটিতে বিধ্বস্ত করেছে। এ বার বোলোনিয়াকে হারিয়ে তাঁরা যে এ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম দাবিদার তা প্রমাণ করল।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর