স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ অক্টোবরঃ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জয় ব্রাজিলের । শুক্রবার সান্তিয়াগোয় চিলিকে ২-১ গোলে হারিয়ে দিল দোরাভাল জুনিয়রের শিষ্যরা। শুরুতে পিছিয়ে পড়েও শেষ মিনিটের গোলে জয় নিশ্চিত করল সেলেকাওরা। ৯ ম্যাচে পঞ্চম জয়ের স্বাদ পেল ব্রাজিল।

বিশ্বকাপের বাছাই পর্বে শুরুটা ভাল হয়নি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ড্র বা হার যেন নিত্যসঙ্গী হয়ে গিয়েছিল ব্রাজিলের । গতমাসে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচেও প্যারাগুয়ের কাছে হারতে হয়েছে। এই পরিস্থিতিতে চিলির বিরুদ্ধে ম্যাচটি তাঁদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও চাপের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়তে হয় ব্রাজিলকে। শুরুর দুই মিনিটের মধ্যে এগিয়ে যায় স্বাগতিকরা। ফিলিপে লায়োলার বাড়ানো ঠিকানা লেখা ক্রসকে গোলে পরিণত করেন এডুয়ার্ডো ভারগাস। ১৪ মিনিটের মাথায় আবারও গোলের সুযোগ তৈরি করে চিলি। কিন্তু ব্রাজিলের দুই মিডফিল্ডার আন্দ্রে ও লুকাস পাকেতাকে কাটিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে ওসিয়োর নেওয়া লম্বা শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ম্যাচে ফেরে ব্রাজিল। এই ম্যাচে অভিষেক হওয়া ইগর জেসুস জাল খুঁজে নেন। বক্সের মধ্যে থেকে ক্রস করেন স্যাভিনিও।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় ব্রাজিল। পরিবর্ত হিসেবে নেমে চিলির জালে বল পাঠান রাফিনিয়া। তবে অফসাইডের জন্য সেটি বাতিল করেন রেফারি। একটা সময় মনে হচ্ছিল না হারলেও, ড্র করে আবারও পয়েন্ট হারাতে চলেছেন সেলেকাওরা। কিন্তু নির্ধারিত সময়ের এক মিনিট আগে গোল করে দলকে জয় এনে দেন লুই হেনরিক। ব্রুনো গিমারেসের পাস ধরে চিলির বক্সে ঢুকে পড়েন তিনি। তারপর বাঁ পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন। গত মাসে ব্রাজিল দলে অভিষেক হয় হেনরিখের। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে ম্যাচের ভাগ্য বদলে দিলেন তিনি। এই জয়ের ফলে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় চারে উঠে এল ব্রাজিল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে কলম্বিয়া। চিলির অবস্থান ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে। আগামী ১৫ অক্টোবর পেরুর বিরুদ্ধে নামবেন দোরিভাল জুনিয়রের ছেলেরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার