Home » UEFA Nations League: নেশনস লিগে বেলজিয়মের বিরুদ্ধে জয় ফ্রান্সের, নেদারল্যান্ডসকে হারাল জার্মানি

UEFA Nations League: নেশনস লিগে বেলজিয়মের বিরুদ্ধে জয় ফ্রান্সের, নেদারল্যান্ডসকে হারাল জার্মানি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অক্টোবরঃ উয়েফা নেশনস লিগে জয়ের হ্যাটট্রিক করল ফ্রান্স। সোমবার রাতে বেলজিয়ামকে হারিয়ে দিল দিদিয়ের দেঁশর ছেলেরা। অন্যদিকে প্রতিযোগিতার অন্য ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেয়েছে জার্মানি।নিজেদের ম্যাচে জয় পেয়েছে ইতালি, তুরস্ক, হাঙ্গেরি, সুইডেন ও ওয়েলস।

ইতালির বিরুদ্ধে হেরে উয়েফা নেশনস লিগ অভিযান শুরু করেছিল ইউরো কাপের ফাইনালিস্ট ফ্রান্স। কিন্তু তারপর থেকে টানা জিতে চলেছে তারা। লিগ এ-র দ্বিতীয় গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে জয় পেল দ্যা ব্লু’জরা। ব্রুসেলসে ৩৫ মিনিটের মাথায় গোল করে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন ব়্যান্ডল কোলো মুয়ানি।যদিও সেই গোল প্রথমার্ধেই শোধ করে দেয় বেলজিয়াম। গোল করেন লোইস ওপেন্ডা। ৬২ মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দেন মুয়ানি। সেই গোল আর শোধ করতে পারেনি বেলজিয়াম। যদিও গোলশোধের সুযোগ তারা পেয়েছিল। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বেলজিয়ামের অধিনায়ক ইউরি তিয়েলেমান্স। ৭৬ মিনিটে লালকার্ড দেখেন ফ্রান্সের মিডফিল্ডার অরেলিয়েন চুয়াওমেনি। তারপরেও ১৪ মিনিটের বেশি সময় দশজনের বিরুদ্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয় বেলজিয়াম। যদিও এই ম্যাচে দুই দলের একাধিক তারকা খেলেননি। এই জয়ের ফলে লিগ এ-র গ্রুপ ২-এ দ্বিতীয়স্থানে রইল ফ্রান্স।

আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিতর্কে বিদ্ধ পাকিস্তান ক্রিকেট

আরও পড়ুনঃ Optical Illusion: চোখের ধাঁধা, ৫৫ সেকেন্ডের মধ্যে নিচের দেওয়া ছবি দুটি থেকে তিনটি পার্থক্য খুঁজে বার করুন

আরও পড়ুনঃ T20 Emerging Asia Cup: নেতৃত্বে তিলক, ছোটদের এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

অন্য ম্যাচে, নেদারল্যান্ডসকে হারিয়ে দিল জার্মানি। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ১-০ গোলে জয় পেল তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন জেমি লিউলিং। এই ম্যাচেই জার্মানির জার্সিতে অভিষেক হয় তাঁর। ৬৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লিউলিং। যে গোল আর শোধ করতে পারেনি ডাচ ব্রিগেড। যদিও ম্যাচে আরও একটি গোল পেতে পারতেন লিউলিং। কিন্তু ম্যাচের শুরুতে তাঁর গোল অফসাইডের কারণে বাতিল হয়। নেশনস লিগের অন্য ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ইতালি। ইজরায়েলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আজ্জুরি ব্রিগেড। তাদের হয়ে জোড়া গোল করেছেন জিওভানি দি লরেঞ্জো। সোমবার রাতে জয় পেয়ে মাঠ ছেড়েছে হাঙ্গেরি, তুরস্ক, সুইডেন এবং ওয়েলসও।

About Post Author