স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ অক্টোবরঃ শেষবার বল পায়ে মাঠে নেমেছিলেন ১৮ অক্টোবর ২০২৩ সালে। বিশ্বকাপের বাছাই পর্বে দেশের হয়ে উরুগুয়ের বিরুদ্ধে খেলার সময় বাঁ হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন। অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছিল তাঁর ফুটবল জীবন। এই পরিস্থিতিতে ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন করলেন নেইমার দ্যা সিলভা জুনিয়র। প্রায় ৩৬৯ দিন পর বল পায়ে মাঠে নামলেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার। মুখে হাসি ফুটল তাঁর সমর্থকদের।

মেসি-রোনাল্ডোর পর বিশ্বফুটবলের ব্যাটন নেইমারের হাতে থাকবে বলে মনে করা হয়েছিল। অনেক কম বয়স থেকেই সমাজমাধ্যমের কল্যাণে বিশ্ব ফুটবলে পরিচিতি পেয়েছিলেন। তাঁর পায়ের জাদুর ভিডিও খুব কম সময়ের মধ্যেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। গোটা বিশ্বে নিজের অনুগামীদের ভিত তৈরি করে ফেলেন সাও পাওলোয় জন্মানো এই ফুটবলার। কিন্তু বিপক্ষের ডিফেন্ডারেরা তাঁকে থামাতে নাকানিচোবিনি খেলেও, তাঁর ফুটবল জীবনে অন্তরায় হয়ে দাঁড়ায় চোট-আঘাত। ঘনঘন চোট তাঁর ফুটবল জীবনকে বারবার ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মুখে। আর তিনি বারবার স্বমহিমায় প্রত্যাবর্তন করেছেন। যেমন করলেন সোমবার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর ক্লাব আল আইনের বিরুদ্ধে খেলা ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের। রিজার্ভ বেঞ্চে নেইমারকে দেখে আশায় বুক বেঁধেছিলেন তাঁর ভক্তরা। ম্যাচের ৭৭ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। নাসের আল ডাউসারির পরিবর্তে মাঠে নামেন ব্রাজিলের তারকা ফুটবলার।
আরও পড়ুনঃ ACC Emerging Teams Asia Cup: আমিরশাহীকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল দল তুলে নেওয়ার আর্জি
প্রতিযোগিতার সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরার ফোকাস তখন গ্যালারিতে। যেখানে উপস্থিত ছিলেন নেইমারের বান্ধবী ব্রুনা রিয়ানকার্ডি। তাঁর সঙ্গী মেয়ে মাভি। পরিবারের আরও দুজন উপস্থিত ছিলেন আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে। নেইমার মাঠে নামতেই স্বস্তির হাসি দেখা যায় তাঁর পরিবারের মুখে। প্রত্যাবর্তনে ম্যাচে মাঠে ফিরেই দেখালেন তিনি ফুরিয়ে যাননি। ১৩ মিনিটের মধ্যে গোলের সন্ধান না পেলেও, বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেন। সতীর্থরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। যদিও তাতে জিততে সমস্যা হয়নি তাঁর দলের। আল হিলাল ম্যাচটি জিতেছে ৫-৪ গোলের ব্যবধানে। নেইমারের দলের হয়ে হ্যাটট্রিক করেন সালেম আল ডাউসারি। বাকি গোলদুটি করেন সের্গেই মিলিনকোভিচ স্যাভিচ ও রেনান লোদি। বিপক্ষের হয়ে সোফিয়েন রহিমি হ্যাটট্রিক করলেও দলকে সমতায় ফেরাতে পারেননি।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে