Home » Premier League: প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

Premier League: প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ নভেম্বরঃ ম্যানেজার বদলে অবশেষে হাল ফিরল ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে দুই ম্যাচ পর জয়ে ফিরল তারা। রবিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লেস্টার সিটিকে  ৩-০ গোলে হারিয়ে দিলেন ব্রুনো ফের্নান্ডেজরা।  এই ম্যাচে জয়ের ফেল ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তেরো নম্বরে রইল রেড ডেভিলসরা।

রবিবার শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেন নিস্তেলরুইয়ের শিষ্যরা। শুরুর দিকে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ১৭ মিনিটের মাথায় অনবদ্য গোলে দলকে এগিয়ে দেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। আমাদ দিয়োলোর ব্যাকহিল পাস ধরে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করেন। ২৮ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় লেস্টার। কিন্তু ইউনাইটেড গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি উইলফ্রেড এনদিদি। ৩৮ মিনিটে লেস্টারের ফুটবলার ভিক্টর ক্রিস্টিয়ানসেনের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও সফরকারী দলের উপর চাপ ধরে রেখেছিলেন ব্রুনো-এরিকসেনরা। ইউনাইটেডের মাঝমাঠে অনবদ্য ফুটবল খেলেন ম্যানুয়েল উগার্তে। যিনি এই মরশুমেই পিএসজি থেকে সই করেছেন। ৮২ মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে তৃতীয় গোলটি পায় আয়োজকরা। ব্রুনোর পাস ধরে বক্সের বাইরে থেকে ডান পায়েক বাঁক খাওয়া শটে লেস্টারের জালে বল জড়িয়ে দেন আলেহান্দ্রো গার্নাচো। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে ইউনাইটেড শিবির।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: হাতে সময় ৫৫ সেকেন্ড, নিচের ছবি দুটি থেকে ৩ টি অমিল খুঁজে ধাঁধার সমাধান করুন

মরশুমের মাঝপথে কোচ ছাঁটাই করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হ্যাগের পরিবর্তে কোচ করা হয়েছে রুবেন আমোরিমকে। যদিও পরবর্তী আন্তর্জাতিক বিরতির পর থেকে তিনি দলের দায়িত্বভার গ্রহণ করবেন। ততদিন দলের দায়িত্বে ছিলেন রুদ ভ্যান নিস্তেলরুই। যিনি মরশুমের শুরুতে টেন হ্যাগের সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের জার্সিতে বিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়েছেন। তিনি যে ডাগআউটেও সমান আগ্রাসী, সেটা  চার ম্যাচ দায়িত্ব পেয়েই প্রমাণ করে দিলেন ডাচ কিংবদন্তী। এই স্বল্প সময়ের মধ্যেই দলকে তিনটি ম্যাচে জয় এনে দিলেন। তাঁর প্রশিক্ষণে একটি ম্যাচও হারেনি দল। ব্রিটিশ মিডিয়া সূত্রে খবর, দলের ফুটবলারদের আস্থা অর্জন করতে পেরেছেন নিস্তেলরুই। তাই ব্রুনো-ওনানারা চাইছেন আমোরিম দলের দায়িত্ব নিলেও ক্লাবের সঙ্গে থেকে যান নিস্তেলরুই।

About Post Author