Home » সমাজ মাধ্যমে আলাপ থেকে প্রেম, সহবাস! প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণীর

সমাজ মাধ্যমে আলাপ থেকে প্রেম, সহবাস! প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণীর

সময় কলকাতা ডেস্ক, ১১ নভেম্বর: বছরের পর বছর একছাদের নিচে থেকেও একে অপরকে সম্পূর্ণ চেনা দায়! সেখানে সমাজ মাধ্যমে আলাপ থেকে একটা মানুষকে কতটা বোঝা সম্ভব? সোশাল মিডিয়ায় যুগে একেকপর এক শ্লীলতাহানি, ধর্ষণের ঘটনা বারবার জোরালো করে তুলছে এই প্রশ্নটিকে। এদিন ফের ফেসবুক থেকে আলাপ হওয়া বান্ধবীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। বান্ধবী বিয়ের জন‌্য চাপ দিতেই কলকাতা ছেড়ে সোজা পাড়ি আমেরিকায়। মাস তিনেক আগে ক‌্যালিফোর্নিয়া থেকে দেশে ফেরেন। ফের শনিবার পাড়ি দিচ্ছিলেন আমেরিকায়। দিল্লি বিমানবন্দর থেকে সফটওয়‌্যার ইঞ্জিনিয়ার অর্ঘ‌্য পট্টনায়েককে ধরে ফেলল স্থানীয় অভিবাসন দফতর। তারপর দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেন মধ‌্য কলকাতার নিউ মার্কেট থানার আধিকারিকরা।

আরও পড়ুন: Salman Khan: ফের খুনের হুমকি সলমনকে, মুম্বই ট্র্যাফিক পুলিশ মারফত এল হুঁশিয়ারি বার্তা

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক মেদিনীপুরের বাসিন্দা। গত তিন বছর ধরে সোশাল মিডিয়ায় পরিচয় হয় অভিযোগকারিণী যুবতীর সঙ্গে। পেশায় উভয়ই সফটওয়‌্যার ইঞ্জিনিয়ার। সেই সূত্র ধরেই বোঝাপড়া ভাল ছিল যুগলের। একটা সময় দু’জনের ঘনিষ্ঠ বাড়ে। মেদিনীপুর থেকে অর্ঘ‌্য কলকাতায় আসেন। দেখা করা শুরু করেন দুজনে। বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। ওই যুবক বিবাহিত, তবে তিনি নতুন প্রেমিকাকে বলেন যে, তাঁর বিবাহিত জীবন একেবারেই সুখী নয়। তাই তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাঁকেই বিয়ে করতে চান। যুবতীও অভিযুক্ত যুবককে বিশ্বাস করে ফেলেন। এর পর দু’জন বিভিন্ন সময় কলকাতার একাধিক হোটেলে ঘর ভাড়া নিয়ে একান্তে সময় কাটিয়েছেন। যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন ওই যুবক। বছর দু’য়েকের ঘনিষ্ঠতার পর যুবতী বিয়ের জন্য চাপ দিতেই যুবক জানান তিনি আমেরিকা চলে যাচ্ছেন। এরপর থেকেই প্রেমিকাকে এড়িয়ে যাওয়া শুরু করেন যুবক। এর মধ্যেই অর্ঘ‌্য একটি সংস্থার হয়ে কাজ করার জন‌্য আমেরিকায় পাড়ি দেন। থাকতে শুরু করেন ক‌্যালিফোর্নিয়ায়। ২০২২ সালে যুবতী তাঁর ওই ‘বন্ধু’র বিরুদ্ধে নিউ মার্কেট থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ জানান। পুলিশ আধিকারিকরা মেদিনীপুরে গিয়ে নিশ্চিত হন যে, যুবক আমেরিকায় রয়েছেন।

আরও পড়ুন: Ayushman Bhava: আয়ুষ্মান ভবঃ নিয়ে কটাক্ষ কেজরীর, তাঁর কথায় ‘এর থেকে রাজ্যের প্রকল্প ভালো’

অর্ঘ‌্য আমেরিকা থেকে ফের বাড়িতে আসেন মাস তিনেক আগে। এদিকে মাস দু’য়েক আগে পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি করা হয়, যে খবর ছিল না অভিযুক্তের কাছে। এদিন ফের যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছিলেন যুবক। তবে ক‌্যালিফোর্নিয়ার বিমান ধরার আগেই শনিবার দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে ধরে ফেলে অভিবাসন দফতর। নিউ মার্কেট থানার পুলিশ অভিযুক্তের খবর পেয়ে, দিল্লিতে গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। তরুণীর অভিযোগ সত্যি কি না শারীরিক পরীক্ষা করে দেখবে পুলিশ।

About Post Author