Home » রাজ্যের দুই পোর্টালে মৃত্যু সংখ্যায় গরমিল, একটিকে বন্ধ করার সিদ্ধান্ত

রাজ্যের দুই পোর্টালে মৃত্যু সংখ্যায় গরমিল, একটিকে বন্ধ করার সিদ্ধান্ত

সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বর : রাজ্যে  মৃত্যু সংখ্যায় গরমিল ।  মৃত্যুর সংখ্যার হিসেবে ফারাক রাজ্যের দুই পোর্টালে । এক বছর নয়, বছর তিনেক ধরেই এরকমই চলছিল। আরও সুস্পষ্ট ভাবে এবার বিষয়টি সামনে এসেছে। ২০২৩ সালে রাজ্যে মৃত্যুর খতিয়ানে বিরাট গরমিল। রাজ্যের দুই পোর্টালে মৃত্যুর সংখ্যায় আসমান -জমিন ফারাক। বাধ্য হয়েই স্বাস্থ্য ভবন একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিল।

২০২৩ সালের মৃত্যুর তথ্যগত বিষয়টি সামনে আসতেই চক্ষু চড়কগাছ হতে বাধ্য। দেখা যাচ্ছে, জন্ম-মৃত্যু তথ্যের পোর্টাল বা জেএমটি অনুযায়ী ২০২৩ সালে ৬ লক্ষ ৬২ হাজার ৯৯১ জনের মৃত্যু হয়েছে । অন্যদিকে, মেডিক্যাল সার্টিফিকেশন অফ কজ অফ ডেথ পোর্টালে ২০২৩ সালে রাজ্যে মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৩৯৫ জন। ফলে দেখা যাচ্ছে যে,সরকারি দু’টি পোর্টালের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যার ফারাক ৫ লক্ষ ২৭ হাজার ৫৯৬ জনের। বিগত দুবছরও মৃত্যু সংখ্যায় গরমিল ছিল।কেন এই গরমিল তার ব্যাখ্যা অজানা থাকলেও তার ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ভবনের একটি সূত্র উদ্ধৃত করা যায় যেখানে গরমিলের ব্যাখ্যা দেওয়া হয়েছে। জেএমটি পোর্টালে মৃত্যুর তালিকার ক্ষেত্রে মৃত্যুর কারণের প্রয়োজন হয় না। অন্যদিকে,মেডিক্যাল সার্টিফিকেশন অফ কজ অফ ডেথে মৃত্যুর কারণ নথিবদ্ধ করা প্রয়োজন। এমসিসিডি পোর্টালে তাই মৃত্যুর সংখ্যা কম রয়েছে। উক্ত মহল এও মনে করছে, মৃত্যুর কারণ নথিবদ্ধ হওয়া প্রয়োজন।কারা এই সংখ্যা আপলোড করেন সে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করার মধ্যেই স্বাস্থ্য ভবন মেডিক্যাল সার্টিফিকেশন অফ কজ অফ ডেথ পোর্টাল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ জেএমটি পোর্টাল চালু রাখা হচ্ছে এবং সেখানে মৃত্যুর কারণ উল্লেখ করার বাধ্যবাধকতা গ্রহণ করা হচ্ছে।

একটি সংবাদ মাধ্যমকে খ্যাতনামা চিকিৎসক মানস গুমটা বলেছেন,”তথ্য গোপন রেখে রাজ্য ভাল আছে বলে প্রমাণের তাগিদ জারি থেকেছে। রোগ তো সরকার নিজে তো আনে না? তাহলে  তথ্যগোপন কেন?এতে মানুষের ক্ষতিই হয়। জন্ম-মৃত্যুর তথ্যের কথা বলতে গেলে, শুধু রাজ্য নয়, কেন্দ্রকেও জানাতে হবে। এতটা ফারাক হয়ে গেলে চিন্তার।”

সবমিলিয়ে, মৃত্যুর নথি ও তথ্যে গরমিল ধরা পড়তেই একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তথ্যভিজ্ঞ মহলের বিষয়টিকে আপাতত ধামাচাপা দিতেই স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্ত।।

মৃত্যু সংখ্যায় গরমিল #মৃত্যু সংখ্যায় গরমিল

আরও পড়ুন দুর্গাবিসর্জন : চলে গেলেন পথের পাঁচালীর “দুর্গা” উমা দাশগুপ্ত

About Post Author