সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বর: বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম গতকাল দাবি করেছিল, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সাফ জানিয়ে দিয়েছিলেন, “চিন্ময়কৃষ্ণ দাসকে আগেই ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত। এর দায় ইসকন নেবে না।” তবে আজ, ২৯ নভেম্বর বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম মারফত খবর, চিন্ময় প্রভু প্রসঙ্গে অবস্থান বদল করেছে ইসকন বাংলাদেশ। আজকে ইসকনের দেওয়া বিবৃতিতে স্পষ্ট লেখা, “চিন্ময়কৃষ্ণের আন্দোলনকে সমর্থন করে ইসকন।”

আরও পড়ুন: বারাসাত উড়ালপুল বন্ধ থাকছে চারমাস : যানজট এড়াতে কী সিদ্ধান্ত নিল প্রশাসন?
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৃহস্পতিবার ইসকনের তরফে জানানো হয়, “কয়েক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ-পদবী-সহ যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। চিন্ময় দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তাঁর বক্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত।” ইসকন স্পষ্ট জানায়, চিন্ময় কৃষ্ণ ইসকনের সঙ্গে আর যুক্ত নন। তাই তাঁর অনুগামীদের আন্দোলনের জন্য ইসকন কোনও রকম দায় নিতে বাধ্য নয়। ইকসন বাংলাদেশের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই প্ৰশ্ন উঠেছিল, তবে কি চিন্ময় দাসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ইসকনের? তবে সেই সব জল্পনা উড়িয়ে শুক্রবার নিজেদের অবস্থান ফের স্পষ্ট করে দিল ইসকন বাংলাদেশ। একটি লিখিত বিবৃতি দিয়ে আজ ইসকনের তরফে বলা হল, “চিন্ময়কৃষ্ণের আন্দোলন, বাংলাদেশে হিন্দুদের এবং হিন্দু ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য তাঁর প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তাঁর থেকে দূরত্ব তৈরি করা হয়নি।” এরই সঙ্গে ইসকন একথাও স্পষ্ট করে দিয়েছে যে, চিন্ময় দাস এই মুহূর্তে ইসকনের সদস্য নন, এবং তিনি ইসকনের কোনও পদেই নেই।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দু সহ একাধিক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলির ওপর অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। কার্যত এর প্রতিবাদে সেই সময় বেশকিছু ধর্মীয় সংগঠন মিলে গড়ে তোলে সনাতনী জাগরণ মঞ্চ। যার অন্যতম মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে সম্প্রতি গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্র দ্রোহের অভিযোগ এনেছে মহম্মদ ইউনূসের সরকার। যার প্রতিবাদে গোটা রাষ্ট্রে আন্দোলনরত সেদেশের সনাতনী হিন্দুরা। গতকাল এই প্রসঙ্গেই চাঞ্চল্যকর বক্তব্য রেখেছিল ইসকন। যদিও আজ সেই অবস্থান অনেকটাই বদলে দিয়েছে তাঁরা।


More Stories
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা