Home » Mohammedan Sporting Club: লাগাতার ব্যর্থতার পরও ইস্টবেঙ্গলের পথে হাঁটতে চায় না মহামেডান

Mohammedan Sporting Club: লাগাতার ব্যর্থতার পরও ইস্টবেঙ্গলের পথে হাঁটতে চায় না মহামেডান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ ডিসেম্বরঃ ইন্ডিয়ান সুপার লিগে দুই সমমেরুতে রয়েছে কলকাতার দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং । পারফরম্যান্সের বিচারে এখনও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি তারা।আট ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে সবার নিচে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। এক পয়েন্ট বেশি পেয়ে একধাপ উপরে রয়েছে সাদা-কালো শিবির। টানা ব্যর্থতার মধ্যেই মরশুমের মাঝপথে কোচ বদল করেছে ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের বদলে অস্কার ব্রুজোকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর অধীনেই এ বারের আইএসএলে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু এখনই কোচ বদলের পথে হাঁটতে চায়না মহামেডান। গত পাঁচ ম্যাচের চারটিতে হারের পরও তাঁরা আস্থা রাখছে আন্দ্রে চার্নেশভের উপর।

বেঙ্গালুরু ম্যাচের আগে জোর জল্পনা শুরু হয়েছিল রাশিয়ান কোচের ভবিষ্যত নিয়ে। সুনীলদের বিরুদ্ধে সেই ম্যাচে লড়াই করেও হার মানতে হয় মহামেডানকে। কিন্তু তারপরেও কোচের পদে ধরে রাখা হয়েছে চের্নিশভকে। জামশেদপুরের বিরুদ্ধে হারও কোচের প্রতি নরম দলের প্রধান বিনিয়োগকারী সংস্থা। তাঁদের মতে চের্নিশভের হাত ধরেই সুদিন ফিরবে মহামেডানে। সংস্থার কর্ণধার রাহুল টোডি মনে করেন আইএসএলের মত ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে ভাল খেলার মত ফুটবলার তাঁদের দলে নেই। ফলে কোচের হাতে যা বিকল্প রয়েছে তা যথেষ্ট নয়। প্রসঙ্গত মহামেডানে যখন নতুন ফুটবলার দলে নেওয়া হচ্ছিল, তখন শ্রাচী গ্রুপ ছিল না। ফলে আইলিগ জয়ী কোচে আস্থা রাখতে চাইছে তাঁরা। রাহুল জানিয়েছেন, কোচ বদলের থেকেও তাঁদের নজর এখন শীতকালীন দলবদলের বাজারে। তিনি মনে করছেন জানুয়ারীতে অনেক ক্লাব ফুটবলার ছেড়ে দেবে। সেই তালিকায় এমন অনেক ফুটবলার থাকবেন, যারা মহামেডানের বর্তমান প্রথম একাদশের ফুটবলারদের থেকে ভাল মানের। তাই নতুন ফুটবলার নিয়োগে জোর দিতে চাইছেন তাঁরা। পাশাপাশি আইএসএলে এখনও অবনমনের নিয়ম নেই। ফলে যেখানেই শেষ করুক, আগামী মরশুমেও মহামেডান আইএসএল খেলবে। ফলে নতুন কোচ এনে রাতারাতি অবস্থার উন্নতি হবে বলে মনে করছে না শ্রাচী গ্রুপ।  

আরও পড়ুনঃ Windies vs Bangladesh: তাইজুলের দাপুটে বোলিংয়ে পনেরো বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জয় বাংলাদেশের

যদিও চের্নিশভকে না সরানোর পিছনে অন্য অঙ্ক কাজ করছে বিনিয়োগকারী সংস্থার মাথায়। মরশুমের মাঝপথে রাশিয়ান কোচকে বরখাস্ত করতে হলে বিপুল আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে তাঁদের। নতুন কোচ আসলে তাঁরও ভাল বেতন রয়েছে। কিন্তু তিনি যে সফল হবেনই তার নিশ্চয়তা নেই। তাই ধীরে চলো নীতি গ্রহণ করছে শ্রাচী কর্তারা।

About Post Author