Home » New Zealand vs England: জয় দিয়ে শেষ হল কিউয়ি ক্রিকেটে সাউদি অধ্যায়

New Zealand vs England: জয় দিয়ে শেষ হল কিউয়ি ক্রিকেটে সাউদি অধ্যায়

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ ডিসেম্বরঃ নিউজিল্যান্ড ক্রিকেটে শেষ হল সাউদি অধ্যায়। দীর্ঘ ১৬ বছর দেশের হয়ে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন টিম সাউদি । কিউয়ি পেসারের শেষ টেস্টকে স্মরণীয় করে রাখলেন তাঁর সতীর্থরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে বড় ব্যবধানে জিতল নিউজিল্যান্ড। যদিও প্রথম দুটি ম্যাচ হারায় ২-১ ব্যবধানে হেরে সিরিজ খোয়াতে হল ব্ল্যাকক্যাপসদের।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি ম্যাচে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। সেডন পার্কে সিরিজের তৃতীয় ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২৩ রানে জয় পেল কিউয়িরা।  টসে জিতে আয়োজকদের প্রথমে ব্যাট করার সুযোগ দিয়েছিলেন থ্রি লায়ন্স অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তোলে ৩৪৭ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মিচেন স্যান্টনার (৭৬)। চার উইকেট নেন কিউয়ি বোলার ম্যাথিউ পট। জবাবে ১৪৩ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। তাদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে জো রুটের ব্যাট থেকে। বল হাতে ৪ উইকেট নেন ম্যাট হেনরি। ৩ উইকেট পান স্যান্টনার।

আরও পড়ুনঃ Rohan Jaitley: বিশ্বকাপজয়ী কীর্তিকে হারিয়ে ফের দিল্লি ক্রিকেটের মসনদে অরুণ পুত্র

আরও পড়ুনঃ East Bengal: পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কার্ড ও চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: জিনিয়াসদের মত দৃষ্টিশক্তি আপনার, নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

প্রথম ইনিংসের শেষে ইংল্যান্ডের থেকে ২০৪ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তারা তোলে ৪৫৩ রান। ১৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৬৭৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। কিন্তু ২৩৪ রানেই থেমে যায় বেন স্টোকসদের ইনিংস। সর্বোচ্চ ৭৪ রান করেন জ্যাকব বেথল। মিচেল স্যান্টনার দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নেন। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচেও নিরাশ করলেন না সাউদি। প্রথম ইনিংসে উইকেট না পেলেও, দ্বিতীয় ইনিংসে জোড়া উইকেট নিলেন ৩৬ বছরের পেসার। তাঁর শিকার হন ইংল্যান্ডের প্রথম সারির দুই ব্যাটার বেন ডাকেট ও জ্যাকব বেথল। সব মিলিয়ে ৩৯১ উইকেটের মালিক হলেন তিনি। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। প্রথমে রয়েছেন কিংবদন্তী স্যার রিচার্ড হেডলি (৪৩১)। 

About Post Author