Home » Rohit Sharma: অন্যমনস্ক হয়ে দলের দুই স্তম্ভকে অবসরে পাঠিয়ে দিলেন রোহিত, তারপর কী হল?

Rohit Sharma: অন্যমনস্ক হয়ে দলের দুই স্তম্ভকে অবসরে পাঠিয়ে দিলেন রোহিত, তারপর কী হল?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ ডিসেম্বরঃ  গাব্বা টেস্ট যে ড্র’য়ের পথে যাচ্ছে চতুর্থ দিনের শেষে মোটামুটি প্রত্যাশিত ছিল। কিন্তু যেটা একেবারেই প্রত্যাশিত ছিল না, তা হল ম্যাচ শেষে রবিচন্দ্রন অশ্বিনের অবসরের সিদ্ধান্ত। ব্রিসবেনে ম্যাচ শেষে অধিনায়ক রোহিতের সঙ্গে সাংবাদিক সম্মেলনে গিয়ে নিজেই সেই ঘোষণা করেন ভারতীয় স্পিনার। সেখানে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া সতীর্থকে নিয়ে বক্তব্য রাখতে গিয়েই বেফাঁস মন্তব্য করে বসেন ভারত অধিনায়ক। দলের দুই স্তম্ভকে সোজা পাঠিয়ে দেন অবসরের তালিকায়। যদিও কিছুক্ষণের মধ্যে ভুল শুধরে নেন রোহিত ।

ঠিক কী হয়েছিল? রবিচন্দ্রন অশ্বিন ছিলেন ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম। প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে অনেক উত্থান-পতনের সাক্ষীও। কালের নিয়মে এরমধ্যে যে রকম অনেক নতুন ক্রিকেটার উঠে এসেছে, সেরকম অনেক ক্রিকেটার নিজেদের গ্লাভস জোড়া তুলে রেখেছেন। নিজের অবসর নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতির সমুদ্রে ডুব দেন অশ্বিন। প্রাক্তন সতীর্থদের কথা তাঁর বক্তব্যে বারবার উঠে আসে। পাশে বসেছিলেন রোহিত। যিনিও নিজের ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে তিনিও অন্যতম। তাঁকেও তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, অনেক পুরনো ক্রিকেটার অবসর নিয়ে ফেললেন। চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে নেই। এ বার অবসর নিলেন অশ্বিন। তিনি কি জাতীয় দলে ক্রমেই সঙ্গীহীন হয়ে পড়ছেন?  

আরও পড়ুনঃ Border Gavaskar Trophy: বৃষ্টিবিঘ্নিত গাব্বা টেস্ট ড্র, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সুবিধে হল রোহিতদের?

তার উত্তরে অনেকটা হাল্কা মেজাজেই রোহিত বলতে শুরু করেন, “দীর্ঘদিন ধরে একসঙ্গে  ক্রিকেট খেলেছি। এখন সবাই এক এক করে অবসর নিচ্ছেন। সত্যিই এই অনুভূতি অন্যরকম। কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা সবাই বন্ধু। সারা জীবন সেই বন্ধুত্বও থাকবে। ওদের এখন থেকে ক্রিকেট সফরে আর পাব না এটা বাস্তব। মুম্বইয়ে মাঝেমাঝেই রাহানের দেখা পাই। পুজারা তো রাজকোটে লুকিয়ে থাকে। তা-ও  দেখা হয়। দেশের হয়ে অনেক রান করেছে। জয়ের পিছনেও অবদান অনেক। সত্যিই ওদের খুব মিস করব।” তারপরেই নিজের ভুল বুঝতে পারেন রোহিত। আসলে জাতীয় দলে সুযোগ না পেলেও এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি পূজারা বা রাহানে। তারপরেই সংযোজন করেন ভারত অধিনায়ক, “রাহানে ও পূজারা এখনও অবসর নেয়নি। ওরা এখানে না থাকলেও যে কোনও সময়ে দলে ফিরতে পারেন।” এরপর সাংবাদিকদের উদ্দেশে রসিকতা করে রোহিত বলেন, “আপনারা তো আমাকে মেরে ফেলবেন। আমাকে বিপদে ফেলে দেবেন দেখছি আপনারা।” তিনি যখন কথাগুলি বলছেন তখন হাসির পরিবেশ তৈরি হয়ে গিয়েছে সাংবাদিক সম্মেলনে।

About Post Author