স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ ডিসেম্বরঃ সুপার কাপের পর চলতি মরশুমের মাঝপথে আরও একটি ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ। আন্তর্মহাদেশীয় কাপ চ্যাম্পিয়ন হল কার্লো আন্সেলোত্তির দল। বুধবার রাতে কাতারে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। গোল পেয়েছেন দলের আক্রমণভাগের তিন প্রধান কাণ্ডারি কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো। এই নিয়ে চতুর্থ বারের জন্য আন্তর্মহাদেশীয় কাপ ঘরে তুলল স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলার রাশ ছিল রিয়াল মাদ্রিদের হাতে। প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মেক্সিকোর ক্লাবটি। গোটা ম্যাচে ৬৬ শতাংশ সময় নিজেদের দখলে বল রেখে দেন বেলিংহাম-এমবাপ্পে-ভিনিসিয়াসরা। ৩৭ মিনিটের মাথায় রিয়ালের হয়ে গোলের খাতা খোলেন কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করলেও স্কোরবোর্ড পরিবর্তন করতে পারেনি রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতায় ফেরানোর সুযোগ ছিল পাচুকার কাছে। প্রায় একক দক্ষতায় বল নিয়ে রিয়ালের বক্সে উঠে গিয়েছিলেন নেলসন দেওসা। কিন্তু তাঁর শট সঠিক নিশানায় থাকেনি। ৫৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল। এমবাপ্পের পাস ধরে দূরপাল্লার নিখুঁত শটে গোল করেন রদ্রিগো। ৮৪ মিনিটের মাথায় তৃতীয় গোলের দেখা পায় আন্সেলোত্তি ব্রিগেড। পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ের ফলে রিয়ালের জার্সিতে নয়া নজির গড়লেন কার্লো আন্সেলোত্তি। স্পেনের ক্লাবের হয়ে ১৫ তম ট্রফি জিতলেন ইতালির বর্ষীয়ান কোচ। ২০১৩ সালে প্রথম রিয়ালের দায়িত্ব পান তিনি। দু’বছরে দলকে জিতিয়েছিলেন মোট চারটি খেতাব। ২০২১ সালে জিনেদিন জিদান কোচের দায়িত্ব ছাড়ার পর ফের তাঁকে দায়িত্ব দেয় রিয়াল। শেষ তিন বছরে তাঁর প্রশিক্ষণে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ-সহ মোট ১১ টি ট্রফি জিতেছে স্পেনের ক্লাবটি। সব মিলিয়ে ১৫ টি ট্রফি জিতে আন্সেলোত্তি পিছনে ফেলে দিলেন রিয়ালের ইতিহাসের অন্যতম সফল কোচ মিগুয়েল মুনোজকে। পাশাপাশি ২০০২ সালের পর ফের আন্তর্মহাদেশীয় ট্রফি চ্যাম্পিয়ন হল রিয়াল।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান