স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ ডিসেম্বরঃ প্রত্যাশামত, ফয়সলা হল না বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের। খারাপ আলো ও বৃষ্টির জন্য শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হল অস্ট্রেলিয়া ও ভারতকে। প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল আয়োজকরা। জবাবে যশপ্রীত বুমরা ও আকাশ দীপের সৌজন্যে ২৬০ রান তোলে ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ছাড়ে অজিরা। পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ২৭৫ রান। ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৮ রান তোলে ভারত। কিন্তু তারপরেই ব্রিসবেনে শুরু হয় বৃষ্টি। অবশেষে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত গাব্বা টেস্ট অমীমাংসিত ঘোষণা করেন আম্পায়াররা। যার ফলে সিরিজ রইল ১-১। এই ড্রয়ের ফলে এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা জিইয়ে রাখল ভারত।

গাব্বা টেস্টে প্রথম দিনেই থাবা বসায় বৃষ্টি। মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তারপরের তিন দিন বৃষ্টি ও খারাপ আলোর জন্য ম্যাচে বিঘ্ন ঘটলেও ম্যাচ চলেছিল। কিন্তু পঞ্চমদিনে সেটা আর হল না। প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জোড়া শতরান করেছিলেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। বুমরা ৬ উইকেট নিলেও ভারতের বাকি বোলাররা সেভাবে সুবিধে করতে পারেননি। রান তাড়া করতে নেমেও টপ অর্ডারের ব্যর্থতা ভুগিয়েছে ভারতকে। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ ও রোহিত শর্মা রান পাননি। কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা লড়াই করে দলের রানকে সম্মানজনক জায়গায় নিয়ে যান। কিন্তু তারপরেও ফলো অনের আশঙ্কা ছিল ভারতের। দশম উইকেটে দলের হাল ধরেন যশপ্রীত বুমরা ও আকাশ দীপ। দুই বোলারের সৌজন্যে ২৬০ রানে শেষ হয় ভারতের ইনিংস।
আরও পড়ুনঃ Border Gavaskar Trophy: চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় অশ্বিনের
আরও পড়ুনঃ Pritvi Shaw: ‘শিশুর মত আগলে রাখতে পারব না’ সতীর্থ পৃথ্বীকে নিয়ে বিস্ফোরক শ্রেয়স
১৮৫ রানে এগিয়ে থেকে পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন তারা। কিন্তু ব্যাগি গ্রিনদের যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যশপ্রীত বুমরারা। ভারতের তিন পেসারের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে অজিদের ইনিংস। ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেন প্যাট কামিন্স। বুমরা ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। সিরাজ ও আকাশ দীপের ২টি করে উইকেট পেয়েছেন। গাব্বা টেস্ট জয়ের জন্য ভারতের দরকার ছিল ২৭৫ রান। তবে কাজটা সহজ ছিল না রোহিতদের জন্য। তারমধ্যে ভারতের ৮ রানের মাথায় আবার বৃষ্টি নামে। শেষ পর্যন্ত ড্র ঘোষণা করেন আম্পায়াররা।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান