সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর: ১০৫ রানের লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া খুব একটা সুবিধা করতে পারল না ভারতের দুই পেসারের দাপটে। মেলবোর্নে ফের বাইশ গজের রাজা বুমরাহ। এ নিয়ে কোনও দ্বিমত রইল না বর্তমান প্রজন্মের সেরা পেসার তিনি। অজি ধারাভাষ্যকরদের মুখেও শোনা গেল একই সুর। মেলবোর্ন টেস্টে ইতিহাসের খাতায় নাম চলে গেল ভারতের সহ-অধিনায়কের। দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে দ্রুততম ভারতীয় পেসার হিসাবে টেস্টে ২০০ উইকেটের গণ্ডি পেরোলেন তিনি। একই সঙ্গে গোটা বিশ্বে একমাত্র বোলার হিসাবে কুড়ির নিচে গড় রেখে ২০০ উইকেটের গণ্ডি পেরোলেন । রবিবারের সকালে বুমরাহকে দারুন সঙ্গ দিলেন মহম্মদ সিরাজ। ‘মিয়া ম্যাজিক’ ফের গুঁড়ো করে দিল অজি ব্যাটারদের। একমাত্র লাবুসেন ছাড়া কেউই ভাঁজ ফেলতে পারলেন না ভারতীয় সমর্থকদের কপালে।
আরও পড়ুনঃ Border Gavaskar Trophy: মেলবোর্নে মহাকাব্য নীতিশের! দুরন্ত শতরানে খেলায় ফেরালেন ভারতকে
ভারতের মাথাব্যথা ট্র্যাভিস হেডের উইকেট দিয়েই ইতিহাসে নাম লেখালেন বুমরাহ। এই উইকেটই কিংবদন্তির ২০০ তম টেস্ট উইকেট হয়ে রইল। ১ রানে হেডকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিলেন ভারতের ব্রহ্মাস্ত্র। এদিন বুমরার বিধ্বংসী স্পেল এবং সিরাজের সঙ্গতে মেলবোর্ন টেস্টে খানিকটা কামব্যাক করেছে ভারত। চতুর্থ দিনের খেলা শেষে ৯ উইকেট খুইয়ে আজিরা লিড নিয়েছে ৩৩৩ রানের। রবিবার অন্তত গোটা তিন সহজ ক্যাচ ফসকেছেন ভারতীয় ফিল্ডাররা। যার মধ্যে বেশিরভাগটাই গিয়েছে যশস্বীর হাত থেকে। এমনটা না হলে খেলার পরিস্থিতি অন্যরকম হত।
আরও পড়ুনঃ ৫ বছর পর মিলল বিচার! কংগ্রেসের দুই যুবনেতা খুনে দোষী সাব্যস্ত সিপিএমের প্রাক্তন বিধায়ক-সহ ১৪ জন
খেলায় আর আছে মাত্র একদিন। এখনও ব্যাট আজিদের হাতে। কাল শুরুতেই বিপক্ষের শেষ উইকেট তুলে নিতে পারলে ব্যাট হাতে পাবে ভারত। রোহিতদের লক্ষ্য থাকবে যেকোনও প্রকারে উইকেট সামলে অজিদের দেওয়া টার্গেট তুলে নেওয়া। তবেই জয় পাবে ভারত। একই সঙ্গে এই টেস্ট জিতলে রোহিতরাই ধরে রাখবে বর্ডার গাভাস্কার ট্রফি ২০২৪। অন্যদিকে, এত সহজে হাল ছাড়বে না অস্ট্রেলিয়া। ‘বক্সিং ডে’ টেস্টের শেষ দিনেও চলবে সেয়ানে সেয়ানে লড়াই। সাম-দাম-দন্ড-ভেদ কোনও পন্থাই ছাড়বে না অজিরা। শেষ দিনে লক্ষ্যে পৌঁছানোর আগেই ভারতের ১০ উইকেট তুলে নিতে কুমির কামোট বসাবে প্যাট কামিংসের দল। তবে অতীত অভিজ্ঞতা দিয়ে বিবেচনা করলে এই ম্যাচও ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ক্রিকেটে কিছুই অসম্ভব নয়। এখন চতুর্থ টেস্টে কে কেল্লাফতে করবে তা বলবে সময়।


More Stories
সাপলুডোর আইএসএলে শীর্ষে জামশেদপুর
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে