Home » সন্তোষ জয়ী ফুটবলারদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা

সন্তোষ জয়ী ফুটবলারদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা

 

সময় কলকাতা ডেস্ক:- কথা দিলে কথা রাখেন মমতা। আবারও তার প্রমাণ মিলল। সন্তোষ কাপ জয়ী বঙ্গ ফুটবলারদের সরকারি চাকরির নিয়োগপত্র হাতে তুলে দিলেন মমতা। শনিবার আইএফএ দপ্তরে সরকারি কাগজপত্রে সই করেন ফুটবলাররা। আর বুধবার ধনধান্য অডিটোরিয়ামে মহা সমারোহে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেকেই বিশ্বাস করতে পারেননি, এত দ্রুত সমস্ত কাজ হয়ে যাবে। বুধবার দুপুরে ধনধান্য অডিটোরিয়ামে সন্তোষজয়ী ফুটবলারদের স্বপ্ন বাস্তবে পরিণত হল। কোচ সঞ্জয় সেনের সঙ্গে উপস্থিত ছিলেন প্রায় সব ফুটবলাররা। অধিনায়ক চাকু মান্ডি, সৌরভ সামন্ত, আদিত্য পাত্র। ফুটবলাররা পুলিশে চাকরি পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলের পদে চাকরি দেওয়া হয়েছে তাঁদের।

উল্লেখ্য, সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে হারিয়েছিল সঞ্জয় সেনের দল। এই নিয়ে ৩৩বার ভারতসেরা হল বাংলা। ফাইনালে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা। হায়দরাবাদ থেকে রাজ্যে ফেরার পর বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

সঞ্জয় সেনের কোচিংয়ে দীর্ঘদিন পর সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। তারপরই মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘রবি হাঁসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হল, যিনি টুর্নামেন্টে সর্বাধিক ১৩টি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন। কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন।’ পরে তাঁদের সঙ্গে নবান্নে দেখাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কারও ঘোষণা করেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছিলেন সবার সরকারি চাকরির ব্যবস্থা করার জন্য। কথা দিয়ে সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

About Post Author