সময় কলকাতা ডেস্ক:- দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। একইসঙ্গে ছুটিতে যাচ্ছেন শীর্ষ আদালতের ২৫ জন বিচারপতি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজেই এই ছুটির প্রস্তাব দিয়েছেন। তবে সরকারি খরচে নয়, বিচারপতিদের এই ভ্রমণের খরচ তাঁরা নিজেরাই বহন করবেন।
শীর্ষ আদালতে এই মুহূর্তে বহু গুরুত্বপূর্ণ মামলা ঝুলে। রাজ্যের একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে চলেছে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি-সহ ২৫ বিচারপতি একসঙ্গে ছুটিতে যাচ্ছেন, সেখানে খানিকটা অশোভন মনে হচ্ছে অনেকেরই। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাই প্রথম ছুটির মেজাজে এই আলোচনার প্রস্তাব করেন। শীর্ষ আদালতের সিনিয়র বিচারপতিদের সঙ্গে এ নিয়ে তিনি প্রাথমিকভাবে আলোচনা করেন। তারপরই অন্য বিচারপতিদের প্রস্তাব দেন। তাঁরাও রাজি হয়ে যান। প্রধান বিচারপতি চাইছিলেন, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আলোচনা হোক দিল্লির বাইরে ছুটির মেজাজে। যাতে চাপমুক্ত থাকতে পারেন বিচারপতিরা। এই ছুটি অবশ্য সরকারি খরচে নয়। লিভ ট্রাভেল কনসেশনের সুবিধা নিয়ে নিজেদের খরচেই ছুটি কাটাতে যাবেন বিচারপতিরা। তবে একসঙ্গে এত বিচারপতির ছুটি কাটাতে যাওয়াটা সুপ্রিম কোর্টের ইতিহাসে নজিরবিহীন।
সুপ্রিম কোর্ট সূত্রের দাবি, আদালতের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনার জন্যই ওই ছুটির পরিকল্পনা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না-সহ ২৫ জন বিচারপতি বিশাখাপত্তনমে থাকবেন। সঙ্গে থাকবে তাঁদের পরিবারও। সেখানে ১১ এবং ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনা করার কথা বিচারপতিদের। আরাকু ভ্যালিতে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে বিচারপতিদের। কয়েকজন বিচারপতি ১৩ তারিখও বিশাখাপত্তনমে থাকবেন। বাকিরা দিল্লিতে ফিরবেন। তবে পুরোটাই হবে ছুটির মেজাজে।


More Stories
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!