সময় কলকাতা, সুজয় ভট্টাচার্য, পূর্ব বর্ধমান:-“নিজের ভেতর থেকে জাগ্রত হও। অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না” । এ কথা অন্য কেউ নয় স্বয়ং স্বামী বিবেকানন্দ যুব সমাজের জন্য বলেছিলেন। স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন সারা রাজ্য সহ দেশে যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হয় সারা বিশ্ব জুড়ে। স্বামী বিবেকানন্দের মতাদর্শকে পাথেয় করে বিভিন্ন সংগঠন কাজ করে চলেছে অনবরত সমাজ সংস্কারের।
দেশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন পালন করা হচ্ছে সাড়ম্বরে, ঠিক তেমনই স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন কাটোয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের পৌরসভার উদ্যোগে পালিত হল। স্বামীজীর জন্মদিন উপলক্ষে এদিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছিল কাটোয়া পৌরসভা।
রবিবার সকালে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। একে একে মাল্যদান করেন কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা, উপ পৌর প্রধান লক্ষিন্দর মন্ডল ,কাউন্সিলর বিজন সাহা ,গুণেন চট্টোপাধ্যায়, জিতেন চট্টোপাধ্যায়, সুফল রাজওয়ার এবং ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি মিত্র ঠাকুর সহ সুমিত্রা ঘোষ, হাবিবা খাতুন, ইউসুফা খাতুন, আইনজীবী আশরাফ আলী, বিশিষ্ট আইনজীবী পারমিতা ব্যানার্জি এবং কাটোয়া পৌরসভার হেড ক্লার্ক চন্দ্রচূড় দত্ত সহ বিশিষ্টজনেরা। রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে ছোটদের ছবি আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছোট ছোট শিশুদের মধ্যে বিবেকানন্দের চেতনা- ভাবনা ও আদর্শের বীজ রোপনের উদ্দেশ্যে, কচিকাঁচাদের উদ্দেশ্যে ভাষণ দেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও সমীর কুমার সাহা। 


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?