সময় কলকাতা ডেস্ক:- ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের খণ্ডযুদ্ধ অব্যাহত। গত কয়েক দিন ধরেই বিজাপুরের জঙ্গলে নকশালপন্থীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা। সেই অভিযানে এবার ৫ মাওবাদী খতম হয়েছে। অভিযানে আহত হয়েছেন দুই পুলিশ আধিকারিক।
প্রসঙ্গত, মাওবাদকে দেশ থেকে নির্মুল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। সম্প্রতি এই বিষয়ে বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন, ‘‘আমি বিশ্বাস করি, লড়াই এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব।’’ কেন্দ্রের রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৭২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি ৮৬১ জন গ্রেপ্তার ও ৭৮৯ জন নকশালপন্থী আত্মসমর্পণ করেছেন। যদিও বহু ক্ষেত্রেই পালটা মার দিচ্ছে তাঁরা। এর ফলে, শাহ-র দাবি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।
যৌথ অভিযানে শেষে পুলিশ আধিকারিক পি সুন্দররাজ জানান, গুলির লড়াই শেষে বিজাপুরের গভীর জঙ্গল থেকে এখনও পর্যন্ত পাঁচ মাওবাদীদের দেহ উদ্ধার হয়েছে। তিনজন পুরুষ এবং দুজন মহিলার দেহ উদ্ধার হয়েছে। তাদের সঙ্গে ছিল রকেট লঞ্চার-সহ বেশ কিছু অস্ত্রসস্ত্র। এদিকে বিজাপুরেই অন্য একটি ঘটনায় একটি দেশি ল্যান্ডমাইনের বিস্ফোরণে আহত হয়েছেন দুই পুলিশকর্মী।
রবিবার বিজাপুরের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। বাহিনীর উপস্থিতি টের পেয়ে এবং পিছু হঠার জায়গা না পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাবও আসে। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াইয়ের পর ৩ মাওবাদীর মৃত্যু হয়।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির