Home » মহাকুম্ভে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য, ‘হৃদয়বিদারক ঘটনা’ শোকার্ত যোগী

মহাকুম্ভে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য, ‘হৃদয়বিদারক ঘটনা’ শোকার্ত যোগী

সময় কলকাতা ডেস্ক:- ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনায় মহাকুম্ভে ৩০ জনের মৃত্যুতে শোকাহত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। বুধবার রাতে তিনি জানান, মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। যোগী আরও জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে আরও বেশি করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মহাকুম্ভে। মর্মান্তিক ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিন সদস্যের টিম গঠন করে শুরু হয়েছে তদন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে সরকারে কাছে। মুখ্যসচিব এবং ডিজিপি প্রয়াগরাজে গিয়ে সমস্ত বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান যোগী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। যেসমস্ত পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁর প্রতি গভীর সমবেদনা জানাই। গতকাল রাত থেকেই আমরা প্রশাসনের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছি। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি পুলিশ এবং অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে।”

মঙ্গলবার মধ্যরাতে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় বহু মানুষের মৃত্যু আশঙ্কা করা হচ্ছিল। যদিও বুধবার সকালে উত্তরপ্রদেশের সরকারের তরফে হতাহতের সংখ্যা জানানো হয়নি। অবশেষে বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে যোগী আদিত্যনাথের পুলিশ জানায়, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩০ জনের। আহত ৬০ জন। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ আধিকারক বৈভব কৃষ্ণ জানিয়েছেন, মৃত ৩০ জনের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করা গিয়েছে। ৫ জনের পরিচয় এখনো জানা যায়নি।

About Post Author