সময় কলকাতা ডেস্ক:- সকাল থেকে একের পর এক দুর্ঘটনার সাক্ষী রইল শহর কলকাতা। মঙ্গলবার সকালে পার্কসার্কাসের পর বিদ্যাসাগর সেতু লাগোয়া রবীন্দ্রসদনের কাছেও ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাস পরপর গাড়িকে ধাক্কা দিয়ে উঠে গেল ফুটপাতের রেলিংয়ে! আহত একাধিক যাত্রী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারানোয় এমন বিপজ্জনক গতিতে এগিয়ে গিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ।
এদিন পার্কসার্কাসের নামী স্কুলের সামনে ঘটে দুর্ঘটনা। ভুল লেনে ঢুকে একটি স্কুটারে ধাক্কা দিল পিকআপ ভ্যান। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি স্কুটার চালক। দুর্ঘটনার পর পলাতক পিকআপ ভ্যানটির চালক। স্কুলের সামনে এমন দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তদন্তে নামে। পিকআপ ভ্যানের চালকের খোঁজ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে ধূলাগড় থেকে নিউটাউনগামী একটি বাস বিদ্যাসাগর সেতু পেরিয়ে রবীন্দ্রসদনের কাছে ঢাল দিয়ে নামার সময়ে আচমকাই গতি নিয়ে নেয় বাসটি। বেপরোয়া গতিতে এসে একটি প্রাইভেট কার, ছোট ম্যাটাডোর ভ্যানে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ভ্যানটি উল্টে যায়। আহত হন প্রাইভেট কারে থাকা যাত্রীরা। সেইসঙ্গে বাসযাত্রীরাও আহত হয়েছেন। পরপর গাড়িতে ধাক্কা দেওয়ার পর আর থামেনি বাসটি। সোজা এসে হেস্টিংসের কাছে ফুটপাথের রেলিং ভেঙে সেখানে উঠে যায় বাসের চাকা। এই দুর্ঘটনার পর বিদ্যাসাগর সেতুর মতো গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। ব্যাহত হয়েছে যান চলাচল।
হেস্টিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। বাস ও চালককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই এত তীব্র গতিতে এগিয়ে গিয়েছিল। পরীক্ষা করে দেখা হচ্ছে গাড়ির ব্রেক। তবে দিনের ব্যস্ত সময়ে বিদ্যাসাগর সেতুতে এমন ভয়াবহ দুর্ঘটনায় আরও বড় কোনও ক্ষতি হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা।


More Stories
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ছিন্ন-বিচ্ছিন্ন বাইক আরোহী
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫