Home » জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর

জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর

জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর

সময় কলকাতা ডেস্ক:- জেলার মেডিক্যাল কলেজের চিকিৎসক। কিন্তু সেখানে পরিষেবা ফাঁকি দিয়ে শহরে এসে মিটিং-মিছিল করছেন। বাংলার উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ মিলিয়ে একাধিক এমন বাম-অতিবাম চিকিৎসকের নাম উঠে এল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী সভায়। অ্যাসোসিয়েশনের সভাপতি শশী পাঁজা জানান, ২৭ জানুয়ারি সংগঠন পা রাখার পর থেকেই স্বাস্থ্যক্ষেত্রে আলোড়ন তৈরি হয়। বিভিন্ন মেডিক্যাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটকেও অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করেই এগোতে হবে।

তৃণমূল ছাত্রপরিষদের অভিযোগ তাঁদের ছাত্র সংগঠন করার জন্য বাম-অতিবামদের হুমকির মুখে পড়তে হচ্ছে জুনিয়র ডাক্তারদের। ডা. শশী পাঁজা এদিন জানিয়েছেন, এই সমস্ত বিষয়ের আশু সমাধান করতে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ব্যাপ্তি বাড়ানো হচ্ছে। প্রতিটি জেলা থেকে মডার্ন মেডিসিন, নার্সিং শাখার নার্স, ডেন্টাল, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক শাখার চিকিৎসকদের নাম নেওয়া হচ্ছে। এবার প্রতিটি জেলায় কমিটি গড়বে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। এদিন সভায় ছিলেন ডা. মানস ভুঁইয়া, ডা. শশী পাঁজা, ডা. করবী বড়াল, ডা. পূজা মৈত্র, ডা. শিল্পা বসু রায়-সহ অনেক তৃণমূল পন্থী ডাক্তাররা। এই মুহূর্তে স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যের শাসক দলের একমাত্র সংগঠন এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন।

অভয়াকাণ্ডের পর কোণঠাসা রাজ্যের তৃণমূল কংগ্রেস চিকিৎসক সমাজে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে জানুয়ারির শেষে এই সংগঠন তৈরি করেছিল। গতকাল শনিবার ছিল তাদের প্রথম কার্যনির্বাহী সভা। সেখানেই জেলা থেকে আসা একাধিক চিকিৎসক যারা নিজেরাও কর্মক্ষেত্রে না থেকে কলকাতায় এসেছিলেন অ্যাসোসিয়েশনের বৈঠকে যোগ দিতে, তারা জানিয়েছেন, “উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ-সহ একাধিক হাসপাতালের জনাকয়েক চিকিৎসক সরকারি পরিষেবায় ফাঁকি দিয়ে শহরে এসে মিছিল করছেন। তেমন কিছু নামও তারা জমা দিয়েছেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের কাছে।

About Post Author