Home » ‘সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই’ ওয়াকফ আইন নিয়ে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী

‘সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই’ ওয়াকফ আইন নিয়ে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক:- নয়া ওয়াকফ আইন নিয়ে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে সামিল হয়ে ওয়াকফ আইন নিয়ে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। বললেন, সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সারা দেশ উত্তাল। পশ্চিমবঙ্গেও প্রতিবাদের আঁচ এসে পড়েছে সংখ্যালধু মহলে। সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন ওয়াকফ নিয়ে। বুধবার রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, যার যা সম্পত্তি, কারোর অধিকার নেই সেই সম্পত্তি কেড়ে নেওয়ার। সবাইকে আশ্বস্ত করে বলেন, তিনি যতদিন আছেন সকলের সম্পত্তি সুরক্ষিত।

গত সপ্তাহেই সংসদে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতির অনুমোদনে তা এখন আইন। বলবৎ হয় মঙ্গলবার থেকেই। মঙ্গলবার সন্ধ্যেয় ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের জঙ্গিপুর। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। শুরু হয়ে যায় জনতা-পুলিশের খণ্ডযুদ্ধ! জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের দুটি গাড়ি। এলাকায় ১৬৩ ধারাও জারি হয়। সাময়িকভাবে বন্ধ হয় ইন্টারনেট পরিষেবাও। এই পরিস্থিতিতে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। কাউকে উস্কানিতে পা না দেওয়ার পরমার্শ দেন তিনি। সবাইকে একতার জন্য লড়াই করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি যতদিন আছেন, ততদিন সকলের সম্পত্তি সুরক্ষিত।

 

 

About Post Author