Home » বেলজিয়ামে গ্রেপ্তার মেহুল চোকসি, ভারতের অনুরোধেই তাঁকে গ্রেপ্তার

বেলজিয়ামে গ্রেপ্তার মেহুল চোকসি, ভারতের অনুরোধেই তাঁকে গ্রেপ্তার

সময় কলকাতা ডেস্ক:- বেলজিয়ামে গ্রেপ্তার পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। ভারতের অনুরোধেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণ জালিয়াতির মামলায় জড়িত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, ভারতের প্রত্যর্পণের অনুরোধেই বেলজিয়ামে মেহুল চোকসিকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, মেহুলের স্ত্রী প্রীতি চোকসি বেলজিয়ামের নাগরিক। মেহুলও বেলজিয়ামে থাকার জন্য ‘এফ রেসিডেন্সি কার্ড’ পেয়েছিলেন তবে ওই কার্ড পেতেও তিনি জাল নথি ব্যবহার করেছেন বলে সূত্রের দাবি। অভিযোগ ভারতে প্রত্যর্পণ এড়াতে এবং সেখানে বসবাসের অনুমতি পেতে বেলজিয়াম কর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্য দিয়ে ওই কার্ড করেন মেহুল। এরই সঙ্গে জানা গিয়েছে, মেহুল চোকসি ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য সুইৎজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারি মাসে ভারত থেকে গোপনে পলান মেহুল চোকসি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-এর টাকা জালিয়াতিতে মেহুল চোকসির সঙ্গেই অভিযুক্ত তাঁর আত্মীয় নীরব মোদীও। তিনি এখন লন্ডনে আছেন বলে সূত্রের খবর। টাকা জালিয়াতির মামলায় সিবিআই ছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি-ও তদন্ত করছিল মেহুল চোকসির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দুই বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল মুম্বই আদালত। ২০১৮ সালের মে মাসের পরে এবং ২০২১ সালের জুন মাসে তাঁর বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

উল্লেখ্য, প্রায় ১৩ হাজার ৫৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে মেহুল চোকসির বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করার উদ্যোগ নেওয়ার পরেই তিনি ভারত ছেড়ে গোপনে পালিয়ে যান। বেলজিয়ামে আসার আগে তিই অ্যান্টিগুয়া এবং বারবুদাতে ছিলেন বলে জানা গিয়েছে। উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সিবিআই তাকে গ্রেফতারের অনুরোধ জানায় বেলজিয়াম সরকারের কাছে। এরপরই শনিবার, ৬৫ বছর বয়সি এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি কারাগারে আছেন বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মেহুলকে গ্রেপ্তার করা পর থেকেই বেলজিয়াম সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা হচ্ছে। যদিও তাঁর গ্রেপ্তারি নিয়ে এখনও ভারতের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ইডি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছে এই পলাতক হিরে ব্যবসায়ীকে।

About Post Author