Home » ভারত সফরে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট। নৈশভোজের আয়োজনে প্রধানমন্ত্রী

ভারত সফরে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট। নৈশভোজের আয়োজনে প্রধানমন্ত্রী

সোমবার সন্ধ্যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় মহিলা উষার জন্য এক নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, বাণিজ্য, শুল্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের উপায় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট, তাঁর স্ত্রী ঊষা এবং তাদের তিন সন্তান – ইওয়ান, বিবেক এবং মিরাবেল – সোমবার সকাল ১০টায় পালাম বিমানঘাঁটিতে অবতরণ করেছেন।চার দিনের জন্য ভারত সফরে এসেছেন তারা। মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ প্রায় ৬০টি দেশের বিরুদ্ধে ব্যাপক শুল্ক আরোপ এবং পরে স্থগিত করার কয়েক সপ্তাহ পরে ভ্যান্সের প্রথম ভারত সফর।

নয়াদিল্লি এবং ওয়াশিংটন এখন একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা করতে চলেছে যা শুল্ক এবং বাজার অ্যাক্সেস সহ বিভিন্ন বিষয় মোকাবেলা করবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার ভ্যান্সের জয়পুরে যাওয়ার কথা এবং সেখানে ইন্টারন্যাশনাল সেন্টারে একটি জরুরি বৈঠক করবেন তিনি।

ইতিমধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন যে, প্রধানমন্ত্রী, মার্কিন-যুক্তরাষ্ট্র যে অপমানজনকভাবে বেআইনি ভারতীয় অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়ে দিয়েছে সেই প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে কিছু বলবেন কি না। এছাড়াও রাহুল গান্ধীর প্রশ্ন মার্কিন-যুক্তরাষ্ট্র যেভাবে সমস্ত রীতিনীতি ভেঙে ট্যাক্স বসাচ্ছে, সে ব্যাপারেও আদৌ কিছু বলবেন কি না।

অন্যদিকে বামপন্থীদের কৃষক সংগঠন, সারা-ভারত-কিষান-সভা, মার্কিন ভাইস-প্রেসিডেন্টের ভারত সফরের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছে। বামপন্থী কৃষক-সভার বক্তব্য, মার্কিন খাদ্যশস্য অবাধে ভারতবর্ষে চালান করবার জন্য কথা বলতেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে আসছেন। এটি যদি চালু করা হয় তাহলে ভারতবর্ষের কৃষকদের সর্বনাশ হয়ে যাবে।

About Post Author