সময় কলকাতা ডেস্ক:- জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় দুই সন্ত্রাসবাদীকে খতম করল ভারতীয় সেনাবাহিনী। বুধবার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সেনা জওয়ানদের। তুমুল সংঘর্ষের পর দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। ইন্ডিয়ান আর্মির চিনার কর্পসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে করে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। বলা হয়েছে, ২৩ এপ্রিল সকালে বারামুল্লায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলি বিনিময় হয় সেনা বাহিনীর জওয়ানদের। দুই জঙ্গিকে আপাতত খতম করা সম্ভব হয়েছে। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে সেনা। পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় এখনও অপারেশন চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার, পহেলগামে বৈসরন ভ্যালিতে নৃশংস জঙ্গি হামলায় ২৭ জন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। বেছে বেছে ধর্মপরিচয় নিশ্চিত করে গুলি চালিয়ে পর্যটকদের খুন করে জঙ্গিরা। তার পর থেকেই জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। উল্লেখ্য, হামলার ঘটনার দায় নিয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ ওরফে টিআরএফ। ২০১৯ সালে জন্ম হয় এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর। পাক জঙ্গি গোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ হিসাবে কাজ করে টিআরএফ।
গোয়েন্দা সূত্রে খবর, মঙ্গলবার পহেলগামের জঙ্গি হামলার মূল চক্রী টিআরএফ সুপ্রিমো সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কসৌরি। তার নির্দেশেই, পাঁচ-ছয় জন জঙ্গি মঙ্গলবার দুপুরে পহেলগামের বৈসরন উপত্যকায় নির্বিচারে গুলি চালায়। পাশাপাশি, সইফুল্লা কসৌরি লস্করের অন্যতম মুখ। পাক সেনা কর্তাদের সঙ্গে দহরম মহরম আছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। এ ছাড়াও, লস্করের-ই-তৈবার অন্যতম মাথা তথা ভরতের ওয়ান্টেড তালিকায় থাকা হাফিজ় সইদের ঘনিষ্ঠ বলেও পরিচিত এই সইফুল্লা।
ইতিমধ্যে, কাশ্মীরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার তীব্র নিন্দা করেছে রাশিয়া, ইজরাইল, সৌদি আরব, আমেরিকা সহ বিভিন্ন দেশ। অন্তর্জাতিক চাপ বাড়ছে জঙ্গিদের বন্ধু দেশ বলে পরিচিত পাকিস্তানের ওপর। কারণ, ইজরাইল গোয়েন্দা সংস্থা দাবি করেছে, মাস দুয়েক আগে পাকিস্তানের পঞ্জাবের কাঙ্গলপুরে সেনা ছাউনিতে বসে পাক সেনার কর্নেল জ়াহিদ জ়ারিনের সঙ্গে এই হামলার ব্লু প্রিন্ট তৈরি করেছিল সইফুল্লা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার