সময় কলকাতা ডেস্ক:- ভূস্বর্গে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা ভয়াবহ হয়ে উঠেছে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গিদের গুলিবৃষ্টির ঘটনায়। ছবির মতো সুন্দর বৈসরন উপত্যকা লাল হয়েছে ২৬ জন পর্যটকের রক্তে। যার মধ্যে রয়েছেন বাংলার তিন পর্যটক। কয়েক মুহূর্তেই স্বজনহারা হয়েছে বেহালার সমীর গুহ, বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্রদের পরিবার। প্রাথমিক ধাক্কা সামলে পরিবারের সদস্যরা জানিয়েছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা। ঠিক কী ঘটেছিল গত ২২ এপ্রিল? প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তা শুনতে এবার আসরে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শনিবার দুপুরে এনআইএ-র তথ্যানুসন্ধাকারী একটি দল প্রথমে বেহালায় সমীরের বাড়ি, পরে বৈষ্ণবঘাটায় বিতানের বাড়িতে পৌঁছে কাজ শুরু করে।
শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বেহালায় সমীর গুহর বাড়িতে পৌঁছয় এনআইএ আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারি ছিলেন তিনি। বাড়িতে পৌঁছে সমীরবাবুর পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এরপর তাঁরা সেখান থেকে বেরিয়ে পাটুলিতে অবস্থিত বিতান অধিকারীর বাড়িতেও পৌঁছন। পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় এনআইএ টিম জম্মু-কাশ্মীরের পুলিশকে সাহায্য করছে। গোটা দেশজুড়ে কেন্দ্রীয় এজেন্সির দল যে যে পর্যটকদের মৃত্যু হয়েছে তাঁদের বাড়িতে পৌঁছেছে।
জানা গেছে, শুক্রবার কেন্দ্রীয় এজেন্সি টিমের দু’জন আধিকারিক পুণের বাসিন্দা সন্তোষ জগদলের বাড়িতে যান। কথা বলেন সন্তোষবাবুর স্ত্রী ও মেয়ে আশাভরীর সঙ্গে। এই পরিস্থিতিতে ঠিক কী ঘটনা ঘটেছিল, তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কলকাতার যে দু’জন ওই হামলায় প্রাণ হারিয়েছেন, তাঁদের বাড়ি গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এনআইএ-র ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। নিহত সমীরের মেয়ে, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে তারা ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে চান। এরপর তাঁরা চলে যান বিতান অধিকারীর বাড়িতে, পাটুলির বৈষ্ণবঘাটায়। সেদিনের ভয়াবহ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী বিতানের স্ত্রী সোহিনী। তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এনআইএ আধিকারিকরা। পহেলগাঁও হামলার তদন্তে এনআইএ-র সংগ্রহ করা এসব তথ্য সাহায্য করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?