Home » কাশ্মীরে আরও বড়সড় নাশকতার ছক ছিল! ডেরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আইইডি

কাশ্মীরে আরও বড়সড় নাশকতার ছক ছিল! ডেরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আইইডি

সময় কলকাতা ডেস্ক:- থরে থরে সাজানো স্টিলের টিফিন বক্স। তার থেকে উঁকি মারছে আইইডি। জঙ্গিদের ডেরায় তল্লাশি অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ ভারতীয় সেনার। উপত্যকায় আরও বড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের? এ দিনের তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরক সেই ইঙ্গিতই করছে বলে দাবি সূত্রের।

উল্লেখ্য, এই জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনা ধ্বংস করার কয়েক ঘণ্টার মধ্যেই পুঞ্চ এবং অন্যান্য সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পুনরায় শুরু হয় গুলিবর্ষণ। পাল্টা জবাব দেয় ভারতও। সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গুলিবর্ষণ করে পাকিস্তান। তৎক্ষণাৎ যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও। টানা ১১তম দিন ধরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে।

২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ হামলার পর থেকেই গোটা জম্মু-কাশ্মীরে চলছে জঙ্গিদের খোঁজে একের পর এক অভিযান। ইতিমধ্যেই ধ্বংস একাধিক জঙ্গির বাড়ি। এ বার পুঞ্চে জঙ্গিদের একটি গোপন ডেরা ধ্বংস করল সেনা। রবিবার সন্ধ্যায় পুঞ্চের সুরানকোটে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে ধ্বংস ওই ঘাঁটি। জঙ্গিদের ওই গোপন আস্তানা থেকে কাউকে পাকড়াও করা সম্ভব না হলেও উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। এ ছাড়া ওই ডেরা থেকে দু’টি রেডিও সেট এবং তিনটি কম্বলও পাওয়া গিয়েছে। আশপাশের অঞ্চলে জঙ্গিদের খোঁজে এখনও চলছে চিরুনি তল্লাশি।

জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বড় একটি জঙ্গি ডেরার খোঁজ পায় ভারতীয় সেনা। সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার পাঁচটি স্টিলের টিফিন বক্স। সেখানে রাখা ছিল প্রচুর পরিমাণে আইইডি। এছাড়াও দু’টি স্টিলের বালতি ভর্তি বিস্ফোরক, পাউডারের মতো বিস্ফোরক ভরা প্যাকেটও মিলেছে।

About Post Author