Home » পহেলগাঁওয়ের বদলা: অপারেশন সিঁদুর, সেনাকে স্যেলুট শাসক-বিরোধীর

পহেলগাঁওয়ের বদলা: অপারেশন সিঁদুর, সেনাকে স্যেলুট শাসক-বিরোধীর

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত। এই হামলার পর সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। সেনার প্রশংসার পাশাপাশি বুধবার দৃপ্ত কণ্ঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারত। এক্স হ্যান্ডলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, ‘ভারত মাতা কী জয়!’ পাশাপাশি বার্তা দিয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। ভারতীয় সেনার এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ অন্যান্য নেতা-নেত্রীরা।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়।

তাতে জানানো হয়, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। পাকিস্তানের যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে। মাঝরাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘অপারেশন সিঁদুর’। বেলা বাড়তে জয় হিন্দু পোস্টে ভরে গিয়েছে সমাজমাধ্যম। গলা মিলিয়েছেন শাসক ও বিরোধী দলের নেতারা।

বুধবার সকালে কংগ্রেস এক বিবৃতিতে অপারেশন সিঁদুর-এর সফল অভিযানের জন্য সেনা বাহিনীকে সাধুবাদ জানিয়েছে। চলতি পরিস্থিতিতে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে শতাব্দি প্রাচীন দলটি। পাশাপাশি, এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা রাহুল গান্ধি লেখেন, ‘দেশের সেনাবাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ।’ একইভাবে ভারতীয় সেনাকে স্যেলুট জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। এদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া।’

পাশাপাশি, ভারতীয় সেনাকে স্যেলুট জানিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাকিস্তানকে নিশানা করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, পাকিস্তানে সন্ত্রাসের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীকে অভিনন্দন। পাকিস্তানকে এমন শিক্ষা দিতে হবে যাতে আর কখনও পহেলগাঁওয়ের মতো ঘটনা না ঘটে। জয় হিন্দ। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব লিখেছেন, ‘পরাক্রমের বিজয় নিশ্চিত।’ সমাজবাদী নেতা আরও লিখেছেন, ‘ভারত ও ভারতের সেনাবাহিনী কখনও কোনও ধরণের সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ সহ্য করেনি এবং কখনও করবেও না।’

About Post Author