সময় কলকাতা ডেস্ক:- অপারেশন সিঁদুরে কাঁপছে পাকিস্তান। ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। তারপরই একাধিক বৈঠক হয় দিল্লিতে। প্রত্যাঘাত চেয়েছিল দেশবাসী। তিনসেনাকে পহেলগাঁওয়ের ঘটনার বদলা নিতে যেকোনও রকম অভিযানের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। ঘটনার ১৫ দিনের মাথায় সেই হামলার বদলা নিল ভারত। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিতে সার্জিকাল স্ট্রাইক চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল জইশের হেডকোয়ার্টার ও মাদ্রাসা। ‘অপারেশন সিঁদুর’-এ ক্ষতবিক্ষত পাক প্রদেশ। সূত্রের খবর, এই হামলায় অন্তত ৭০ জনেরও বেশি মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৬০ জনের বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই হামলায় মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার একাধিক কমান্ডার, প্রশিক্ষক ও নেতার।
সূত্রের খবর জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পুরো পরিবারের এই আক্রমণে মৃত্যু ঘটেছে। এই মাসুদ আজহারই ছিল ২০০১-এ নয়া দিল্লির পার্লামেন্ট আক্রমণের মূলচক্রী। তার মাদ্রাসাই গুঁড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে লস্কর-ই-তৈবার প্রধান ও ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সৈয়দকেও খতম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। অপারেশন সিঁদুরে গুরুতর আহত মাসুদের ভাই ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। ভারতের হামলায় নিহতদের মধ্যে রয়েছে রউফের ছেলে হুজাইফাও। একাধিক সংবাদ সংস্থা বলছে, জইশ প্রধান মাসুদ আজহার নিজে জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’-এ তাঁর পরিবারের ১৪ জনের মৃত্যু হয়েছে।
পহেলগাঁওয়ে হামলার পর ঠিক যতটা যন্ত্রণা অনুভব করেছিলেন নিহতদের পরিবার, বুধবার সেই একই যন্ত্রণা, একই আর্তনাদ অনুভব করল জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারও। হামলা চলে বিলাল, কোটলি, গুলপুর, বার্নালা ক্যাম্প, আব্বাস ক্যাম্প, সার্জাল ক্যাম্প- শিয়ালকোট, মেহমুনা ক্যাম্প- শিয়ালকোট, মার্কাজ তইবা মুরিদকে ও ভাওয়ালপুর- জইশ-ই মহম্মদের মূল কার্যালয়ে। বিদেশ সচিব বুধবার সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করেন, এই এলাকাগুলিকে জঙ্গি কার্যকলাপের ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। স্যাটেলাইট নজরদারি, গোয়েন্দা সূত্র এবং গোপন তথ্যের ভিত্তিতে ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়।
দেশের দাবি ৭০ জনের মৃত্যু হলেও পাকিস্তান জানিয়েছে, এই অভিযানে তাদের ২৬ জনের মৃত্যু হয়েছে। নির্দিষ্ট সংখ্যা এখনও পাওয়া যায়নি। আন্তর্জাতিক মহল দুই দেশকেই সংযম থাকতে বলেছে, যদিও বিশ্বের বিভিন্ন দেশ ভারতকে সমর্থন করছে।


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?