Home » ‘মার্কিন পণ্যে ১০০ শতাংশ করছাড় দেবে ভারত, কিন্তু…’, ফের শুল্ক বিতর্কে মুখ খুললেন ট্রাম্প

‘মার্কিন পণ্যে ১০০ শতাংশ করছাড় দেবে ভারত, কিন্তু…’, ফের শুল্ক বিতর্কে মুখ খুললেন ট্রাম্প

সময় কলকাতা ডেস্ক:- ফের মার্কিন পণ্যে ভারতের শুল্কছাড় নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারতই আক্ষরিক অর্থে জিরো ট্যারিফের প্রস্তাব দিয়েছে। যদিও বৃহস্পতিবারই এই দাবি খারিজ করে দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তবু শুক্রবার ফের সেই প্রসঙ্গ তোলেন ট্রাম্প। জানিয়ে দেন, এটা কার্যকর করার ব্যাপারে তাঁর কোনও তাড়া নেই। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, বাণিজ্য করাটাই ওরা অসম্ভব করে তুলেছে। আমেরিকার ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্কছাড় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ভারত। এই চুক্তি কত দ্রুত কার্যকর করা হবে? সেই সঙ্গেই তাঁর দাবি, সকলেই চাইছে আমেরিকার সঙ্গে এই ধরনের চুক্তি করতে। একই কথা বৃহস্পতিবারও বলেছিলেন ট্রাম্প।

দোহায় বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন, ভারতে শুল্কের হার খুব বেশি। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন। কিন্তু ভারত নাকি আমেরিকার জন্য এমন নীতি গ্রহণ করবে যেন মার্কিন পণ্যে কোনও শুল্কই না থাকে। এ নিয়ে আমেরিকাকে নাকি প্রস্তাবও দিয়েছে নয়াদিল্লি।

যদিও, পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্পের মন্তব্য ঘিরে প্রশ্নের মুখে পড়তে হয় বিদেশমন্ত্রীকে। প্রশ্নের জবাবে জয়শঙ্কর জানান, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। এগুলো অত্যন্ত জটিল আলোচনা। যতক্ষণ না চুক্তি সম্পন্ন হচ্ছে ততক্ষণ এই বিষয়ে মতামত দেওয়া উচিত নয়।

কিন্তু শুক্রবারও ফের একই বিষয়ে কথা বলে কার্যতই বিতর্ক উসকে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের শুল্ক হ্রাসের আগ্রহকে সাফল্য হিসাবে বর্ণনা করেছেন ট্রাম্প। আমেরিকায় ক্ষমতায় আসার পরেই ভারত-সহ বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, আমেরিকার কাছ থেকে যে দেশ যত শুল্ক নেয়, আমেরিকাও তাদের থেকে তেমনই শুল্ক নেবে। বিশেষ করে তাঁর নিশানায় ছিল ভারত। বার বার বলেছেন, ভারত যে পরিমাণ শুল্ক নেয়, তাতে বাণিজ্য সম্ভব নয়।

এর পর ভারতের পণ্যে বাড়তি ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। আপাতত তা ৯০ দিনের জন্য স্থগিত রয়েছে। এই সময়ের মধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলতে চান ট্রাম্প।

About Post Author