Home » হাতে গোলাপ নিয়ে রবীন্দ্রনাথ! পৌঁছে গেলেন চাকরিহারাদের অবস্থান মঞ্চে, চাকরিহারা শিক্ষকদের কী বললেন…?

হাতে গোলাপ নিয়ে রবীন্দ্রনাথ! পৌঁছে গেলেন চাকরিহারাদের অবস্থান মঞ্চে, চাকরিহারা শিক্ষকদের কী বললেন…?

সময় কলকাতা ডেস্ক:- এবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের অবস্থান মঞ্চে প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর। হকের চাকরি ফেরানোর দাবিতে বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে আন্দোলন তীব্রতর করেছেন চাকরিহারা শিক্ষকরা। আন্দোলন হঠাতে ওই দিন রাতে পুলিশের তরফে শিক্ষকদের ওপরে বেধড়ক লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এরপর আন্দোলন আরও তীব্রতর করার ডাক দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ। তাঁদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান আন্দোলন জারি থাকবে। চাকরিহারা শিক্ষকদের অবস্থানে শনিবার যোগ দেওয়ার কথা সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রীদেরও। এরই মধ্যে চাকরিহারাদের অবস্থান মঞ্চে পৌঁছে গেলেন প্রতীকী কবিগুরুও! আইএনটিইউসির সেবাদলের তরফে আন্দোলনকারীদের প্রতি নৈতিক সমর্থন জানাতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়।

বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের গোলাপ ফুলও তুলে দিতে চান প্রতীকী রবীন্দ্রনাথ। কেন? তাঁর কথায়, বাংলা মানেই শান্তি, সম্প্রীতির জায়গা। সেই বার্তা পুলিশকেও আরও একবার মনে করিয়ে দিতে চেয়েছেন।

নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। যার জেরে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। পরে রাজ্যের আবেদনের ভিত্তিতে স্কুলগুলির পঠনপাঠন অব্যাহত রাখতে ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় আদালত। ততদিন চাকরিহারা শিক্ষকরা স্কুলে গিয়ে পড়াতে পারবেন। তবে বৃহস্পতিবার রাতে বিকাশভবনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এখন থেকে স্কুলে নয় বরং সংশ্লিষ্ট স্কুলের বাইরে পড়ুয়াদের পাঠদান করাবেন চাকরিহারা শিক্ষকেরা।

About Post Author