Home » চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক:- মুখ্যমন্ত্রীর সোশ্যাল পেজের পোস্টে লেখা হয়েছে, চাকরিহারা ভাইবোনদের জন্য মঙ্গলবার বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। অনেকের মতে, ওই বৈঠক থেকে চাকরিহারা শিক্ষকদের জন্য সরকার ইতিবাচক কোনও ঘোষণা সামনে আনতে পারে।

এর আগে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মীদের জন্য সরকারিভাবে ভাতা প্রদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এপ্রিল থেকে গ্রুপ সির কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার ও গ্রুপ ডির কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা প্রদানের বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক বৈঠকের ঘোষণা সামনে আসতেই চাকরিহারা শিক্ষকদের জন্যও সরকার কোনও ঘোষণা করবে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগে দুর্নীতির অভিযোগে আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের রায়ের পর চাকরিহারাদের নিয়ে নেতাজি ইনডোরে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তাঁদের পাশে থাকার বার্তাও দিয়েছিলেন। তবে এরই মধ্যে চাকরিহারা শিক্ষকদের একাংশ বিকাশভবনের সামনে ঘেরাও অবস্থান তীব্রতর করে। গত সপ্তাহে যা নিয়ে বিকাশ ভবন চত্বরে ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হয়েছিল। পরে আদালতের নির্দেশ মেনে বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান সরিয়েছেন চাকরিহারা শিক্ষকরা।

তাঁদের সাফ কথা, যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করুক রাজ্য। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি শীর্ষ আদালতেও পিটিশন দায়ের করেছেন আন্দোলনকারীরা। এবার চাকরিহারাদের নিয়ে সাংবাদিক বৈঠক ডাকলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এখন দেখার সেখান থেকে তিনি কী ঘোষণা করেন।

About Post Author